ফটিকছড়িতে তাণ্ডব: তদন্ত শুরু
শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি নগণ্য, বাজারে মানুষের আনাগোনা কম
ফটিকছড়ির ভুজপুরের কাজীরহাটে কিছু দোকানপাট খুলেছে। তবে লোকজনের আনাগোনা কম। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা। কিন্তু উপস্থিতি নগণ্য। জামায়াত-শিবিরের নৃশংসতার নয় দিন পর গতকাল সরেজমিনে এই অস্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে। এই অবস্থায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি গতকাল সরেজমিনে তদন্ত শুরু করেছে। কমিটির সদস্যরা প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষ্য নেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। ১১ এপ্রিল কাজীরহাটে ফটিকছড়ি আওয়ামী লীগের মিছিলে পরিকল্পিত হামলা চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের তিন কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নারকীয় ওই হামলায় আহত হন শতাধিক নেতা-কর্মী। আহতদের মধ্যে কয়েকজন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সন্ত্রাসীরা ১৫০টি মোটরসাইকেল ও কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়। জামায়াত-শিবির পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে পুলিশসহ বিভিন্ন সংস্থার প্রাথমিক তদন্তে বলা হয়। ওই তাণ্ডরের পর একাধিক দিন বৃষ্টি হলেও তা ভুজপুরের সেই পোড়া চিহ্ন মুছে ফেলতে পারেনি। গাড়ির চূর্ণবিচূর্ণ কাচ এখনো রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে আছে। পুড়ে যাওয়া গাড়িগুলোর কঙ্কাল থানা ভবনের সামনে জড়ো করে রেখেছে পুলিশ।কোনো কিছুই স্বাভাবিক হয়নি: প্রায় এক সপ্তাহ ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস হয়নি। আতঙ্কের কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যায়নি। গত বুধবার থেকে কিছু শিক্ষার্থী ক্লাসমুখী হয়েছে। ওই দিন মাত্র ৬৪ জন এবং পরদিন বৃহস্পতিবার ৯৬ জন উপস্থিত ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আর গতকাল শনিবার উপস্থিতি বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৩০ জন। প্রায় ৯০ শতাংশ সব সময় উপস্থিত থাকত। ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মর্তুজা এনামুল ইকবাল প্রথম আলোকে বলেন, ১১ এপ্রিলের ভয়াবহ ঘটনার রেশ এখনো কাটেনি। তাই শিক্ষার্থীদের উপস্থিতি কম। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে বলে মনে করেন তিনি। নবম শ্রেণীর ছাত্রী শারমিন ইসলাম বলল, ‘আমরা বাড়ি থেকে ওই ভয়ংকর দৃশ্য দেখেছি। তাই মা কয়েক দিন স্কুলে আসতে দেননি।’ দশম শ্রেণীর ছাত্র জিয়াস কামালও আতঙ্কের কারণে বাড়ি থেকে বের হননি বলে জানায়। পূর্ব ভুজপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫৬২ শিক্ষার্থীর মধ্যে গতকাল ৭৮ জন উপস্থিত ছিল বলে প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ জানিয়েছেন। ভুজপুর কাজীরহাট বাজারে দোকানপাট খুলতে শুরু করেছে। তবে ক্রেতা নেই বললেই চলে। ঘটনার পর কয়েকটি গ্রামের পুরুষেরা গা ঢাকা দিয়েছেন। এই এলাকাটি জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এখানকার বেশির ভাগ লোক ১১ এপ্রিলের নারকীয় ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও বিভিন্ন সরকারি সংস্থার তদন্ত থেকে জানা গেছে। কাজীরহাট বাজারের দোকানি আবদুল জব্বার জানান, কয়েক দিন দোকান বন্ধ ছিল। এখন খোলা হলেও ক্রেতা আগের মতো নেই। বেচাকেনা অর্ধেকের চেয়ে কম হচ্ছে। তদন্ত কমিটি: পাঁচ সদস্যের তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষ্য নেওয়া শুরু করেছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্টদের সাক্ষ্য নেওয়া হয়। বিকেলের দিকে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভুজপুর এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলেন। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মোহাম্মদ শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ১১-১২ জন ১১ এপ্রিলের ঘটনার বর্ণনা দিয়েছেন। আমরা আরও অনেকের সাক্ষ্য নেব। তারপর প্রতিবেদন দেব।’ তদন্ত কমিটির অন্য চার সদস্য হলেন ফটিকছড়ির নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এবং ফটিকছড়ির পৌর মেয়র। কমিটি এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীর বক্তব্য নথিভুক্ত করেন। আজ রোববারও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া হবে বলে কমিটির প্রধান জানিয়েছেন। পুলিশের তদন্ত: ওই ঘটনায় চারটি মামলা হয়েছে। একটি মামলার বাদী ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান। বাকি তিনটি মামলা করেছেন নিহত তিনজনের তিন আত্মীয়। পুলিশ গতকাল পর্যন্ত ৭৯ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে রিমান্ড মঞ্জুর হয়েছে ৭২ জনের। বাকি সাতজনকে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া ৭৯ জনের মধ্যে ৩২ জনের নাম এজাহারে উল্লেখ আছে। বাকি ৪৭ জনকে ধরা হয়েছে প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে। পর্যায়ক্রমে আমরা সব আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব।’ ওসি বলেন, ‘কারা এই ঘটনার মদদ দিয়েছেন, তা সবাই জানেন। মদদদাতা ও ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।’পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ দাবি করেছে, ঘটনার অন্যতম চারজন পরিকল্পনাকারীকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন জাহিদ মেম্বার, পারভেজ, ফরিদউদ্দিন ও আবদুর রহিম। পারভেজকে ঢাকা থেকে এবং অন্যদের নগর ও জেলার পৃথক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গতকাল রাত পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ৮৮ জনে দাঁড়িয়েছে। ৮৮ জনের মধ্যে ইতিপূর্বে তিন দফায় ৭২ জনের রিমান্ড মঞ্জুর হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘আগের দিন ১০ এপ্রিল আসামিরা ভুজপুর এলাকায় গোপন বৈঠক করে হামলার ছক তৈরি করে। ওই বৈঠকে অনেকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আমরা সবার নামধাম উদ্ঘাটন ও গ্রেপ্তার করার চেষ্টা করছি।’