শিক্ষাপ্রতিষ্ঠানে ফের অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১০ দিনে ছাত্রলীগের বেপরোয়া কর্মকাণ্ডে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে। এই সময়ে সাধারণ ছাত্র এবং ছাত্রদলের ওপর একের পর এক হামলা চালিয়েছে ছাত্রলীগ।ঢাকার বাইরে টেন্ডারবাজি ও নিয়োগ-বাণিজ্যে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুটি বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের বিরুদ্ধে। গত ৮ জুলাই রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ৪২টি কক্ষ আগুনে পুড়িয়ে দেওয়ার পর দেশজুড়ে ওই বর্বরোচিত কর্মকাণ্ডের সমালোচনা হয়। এরপর ছাত্রলীগ কিছুদিন চুপ থাকলেও আবার তাণ্ডব শুরু করেছে।ছাত্রলীগের ১০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা গেছে, সরকার ক্ষমতায় আসার পরপর ছাত্রলীগ যে ধরনের বেপরোয়া আচরণ করেছিল, শেষ ভাগে এসে তারই পুনরাবৃত্তি শুরু হয়েছে।সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম তিন বছরে সারা দেশে অন্তত ৩০০ বার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। এসব ঘটনায় মারা যান ছয়জন। আহত হন হাজার খানেক নেতা-কর্মী। এর সঙ্গে গত এক বছরের হিসাব যুক্ত করলে হামলার ঘটনা ও হতাহতের সংখ্যা আরও বেশি হবে।আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও দলীয়করণমুক্ত রাখার ঘোষণা দিয়েছিল। ছাত্রলীগের ঘোষণাপত্রে ও গঠনতন্ত্রে বলা আছে শিক্ষা, শান্তি ও প্রগতির কথা। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর থেকেই শিক্ষাঙ্গনগুলোতে উল্টো সন্ত্রাস সৃষ্টি করে ছাত্রলীগ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি হাত জোড় করে সরকার ও বিরোধী দলকে বলছি, দয়া করে নোংরা কাজে ছাত্রদের আর ব্যবহার করবেন না। এভাবে নির্যাতনের চিত্র, নিষ্ঠুরতা ও বর্বরতা দেখে নেতা-নেত্রীরা আনন্দ পান কি না, জানি না।’ তিনি বলেন, যখন যে সরকার ক্ষমতায়, তখন প্রশাসনগুলো সেই সরকারের সমর্থক ছাত্র সংগঠনগুলোকে রক্ষার চেষ্টা করে।ঢাকা ও রাজশাহীতে ছাত্রলীগের কাণ্ড: গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বেপরোয়া হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীর ওপর পা দিয়ে উপর্যুপরি লাথি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীর ওপর লাঠি দিয়ে বেধড়ক পেটানোর দৃশ্য দেশজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে।গণতন্ত্রের সূতিকাগার বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন হয়নি। ডাকসু নির্বাচন আয়োজনেরও কোনো উদ্যোগ নেই। এত দিন ছাত্রলীগ ক্যাম্পাস ও আবাসিক হলগুলো দখল করে রেখেছে। গত প্রায় চার বছরে ছাত্রলীগ মারামারি করেছে নিজেদের মধ্যে।গত সোমবার ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে গেলে মারপিট করেছে ছাত্রলীগ। এ ঘটনায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অছাত্র ও চল্লিশোর্ধ্বদের নিয়ে গঠিত ছাত্রদলের কমিটি উপাচার্যের সঙ্গে দেখা করতে চেয়েছিল। উপাচার্য প্রক্টরের কাছে ছাত্রদলের প্রতিনিধিদলের নাম জমা দেওয়ার পরামর্শ দেন। অনেক পাঠক প্রশ্ন করেছেন, ছাত্রলীগের নেতারা কি প্রক্টরের কাছে তালিকা দিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান? আরও প্রশ্ন উঠেছে, ছাত্রলীগেও অছাত্র এবং বয়স্ক ছাত্রনেতারা রয়েছেন। সেখানে ছাত্রলীগের বেলায় এক ধরনের মনোভাব এবং ছাত্রদলের বেলায় ভিন্ন ধরনের মনোভাব দেখানোর বিষয়টি উপাচার্যের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে।সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষেও ছাত্রলীগ!: ২ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। ওই দিনই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে কঠোরভাবে সমালোচিত হন ছাত্রলীগের নেতা-কর্মীরা।শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল ফুটওভারব্রিজ তৈরি করা। সহপাঠী তৌহিদুজ্জামান বাসচাপায় নিহত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এই অবরোধ তুলে দেওয়ার দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। প্রক্টর ও পুলিশের উপস্থিতিতেই তাঁরা সাধারণ ছাত্রদের ওপর চড়াও হন।ছাত্রলীগের এই ন্যক্কারজনক ভূমিকার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক তিন মাসের মধ্যে শাহবাগে ফুটওভারব্রিজ নির্মাণের ঘোষণা দেন।অন্যদিকে একই দিন বুয়েটে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলন চলাকালে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয়। লোহার ফটক ভেঙে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গেলে শিক্ষকেরা তাদের নিবৃত্ত করেন। দীর্ঘ প্রায় পাঁচ মাস অচলাবস্থার পর বুয়েট চালু হবে আগামী শনিবার। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাপা উত্তেজনা লেগেই আছে।শাহজালাল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্য রকম আবদার: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৯২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে আর্থিক লেনদেনে ছাত্রলীগের দুটি অংশ জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ৯২টি পদের বিপরীতে ২০০ জনের তালিকা দেন উপাচার্যের কাছে। গতকাল ৭৩ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি তালিকা পরে প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কয়েক সপ্তাহ ধরে এই নিয়োগ নিয়ে ছাত্রলীগের ভেতরেই চলছে অস্থিরতা।অন্যদিকে প্রধান প্রকৌশলী নিয়োগ নিয়ে ৫ সেপ্টেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য নিয়োগ বোর্ড স্থগিত করার ঘোষণা দেন। ছাত্রলীগের আহ্বায়কের নেতৃত্বে প্রধান প্রকৌশলী নিয়োগে একজন প্রার্থীর পক্ষে অবস্থানের নেপথ্যে ছিল নির্মাণকাজের ঠিকাদারি।ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দাবি করেছেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আসার নাম করে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। তাঁর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাদের আসার কথা ছিল। কিন্তু তা না করে তাঁরা কয়েকজন বহিরাগত ব্যক্তিকে পাঠিয়েছিলেন বিশেষ পরিস্থিতি তৈরির জন্য।ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ঘটনাগুলোর কারণ হিসেবে ছাত্রলীগের সন্ত্রাসী মনোভাব এবং সংগঠনটির নেতৃত্বে নিয়ন্ত্রণহীনতাকে দায়ী করছেন। প্রথম আলোকে তিনি বলেন, সরকারের দায়িত্বশীল নেতারা ঘটনাগুলোর পেছনে মদদ দিচ্ছেন।