শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের বোরকা বা ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। বোরকা না পরার কারণে কোনো ছাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, সংবিধানের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী মানবাধিকার সংরক্ষণের লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আলোকে বোরকা না পরার কারণে কোনো ছাত্রীকে নির্যাতন বা হয়রানি করা যাবে না।পরিপত্রে আরও বলা হয়, বোরকা বা ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা এবং ছাত্রীদের খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় বাধা দেওয়া অসদাচরণ হিসেবে গণ্য করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা ব্যবস্থাপনা কমিটিকে নিজ নিজ প্রতিষ্ঠানে বিষয়গুলো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের সই করা পরিপত্রে বলা হয়, এসব বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দপ্তর, অধিদপ্তর বা শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।সম্প্রতি সরকারি ও বেসরকারি কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা হচ্ছে এবং তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় বাধা দেওয়া হচ্ছে মর্মে সম্প্র্রতি কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে পরিপত্রটি জারি করে সরকার। এতে বলা হয়, ছাত্রীদের সুশিক্ষা ও মেধা বিকাশের জন্য ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় বাধা দেওয়া কোনোক্রমেই কাম্য নয়।