শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরতে বাধ্য না করতে পরিপত্র
শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা পরতে বাধ্য না করার বিষয়ে আজ বুধবার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের স্বাক্ষরিত এ পরিপত্রে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতেও বাধা দেওয়া যাবে না। বোরকা না পরার কারণে কোনো ছাত্রীকে হয়রানি, নির্যাতন বা শাস্তি দেওয়া যাবে না। বোরকা পরতে বাধ্য করা হলে বা বোরকা না পরলে সে বিষয়ে কিছু বলা হলে তা অসদাচারণ হিসেবে গণ্য করা হবে। বোরকা পরতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর, অধিদপ্তর বা শিক্ষা বোর্ড তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।পরিপত্রে বলা হয়, কোনো কোনো সরকারি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদেরকে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা হচ্ছে এবং তাঁদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে, মর্মে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ছাত্রীদের সুশিক্ষা ও মেধা বিকাশের জন্য ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাধা দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এ অবস্থায় সংবিধানের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী মানবাধিকার সংরক্ষণের লক্ষ্যে সরকার এসব নির্দেশনা দিয়েছে।