শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির নীতিমালা নিয়ে রুল
বেসরকারি স্কুল ও কলেজ, মাধ্যমিক, নিম্ন-মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১২ বাস্তবায়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। শিক্ষাসচিব, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিলেট জেলা শিক্ষা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত বছরের ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এসব প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ফি নির্ধারণ করে নীতিমালা করে। এই নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও মো. আশরাফুল আলম গত রোববার রিট আবেদনটি করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নাঈম আহমেদ। সঙ্গে ছিলেন আইনজীবী অবন্তী নূরুল ও সামিউল আলম সরকার। শুনানি নিয়ে আদালত সিলেটের পাঠানটুলির স্কলারস হোমের প্রথম শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থী আনিকা আলমকে ভর্তি করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।পরে আইনজীবী অবন্তী নূরুল প্রথম আলো ডটকমকে বলেন, ‘সিলেটের ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আনিকা আলম সফলভাবে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়। তবে কর্তৃপক্ষ লিখিত কারণ ছাড়া তাকে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করা থেকে বিরত থাকে। নীতিমালা অনুসারে ঢাকা শহরের বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে তিন হাজার টাকা নেওয়ার কথা। কিন্তু দেখা যায়, স্কলারস হোম সাত হাজারের বেশি টাকা নিচ্ছে। এ কারণে ওই নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।