শিক্ষাপ্রতিষ্ঠানের ঘটনাবলির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ শিরোধার্য: সাহারা খাতুন
রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক ঘটনাবলির ব্যাপারে তাঁর নির্দেশের বাস্তবায়ন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ শিরোধার্য। যে বা যারা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মানবে না তাদেরকে এর জন্য খেসারত দিতে হবে।’ আজ বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাহারা খাতুন এ কথা বলেন।গত বছরের মতো এবারও যাতে একুশে ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে পালন করা হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক, ঢাকা জেলার পুলিশ সুপারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।