শিক্ষাপ্রতিষ্ঠানের জমিতে বাঁশের হাট
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সামনের জায়গা দখল করে সেখানে বাঁশের হাট বসিয়েছে পৌর কর্তৃপক্ষ। হাটটি স্থানান্তরের দাবি জানানো হলেও তা উপেক্ষিত হচ্ছে বছরের পর বছর। এতে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নানা রকম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে সপ্তাহের প্রতি মঙ্গল ও শনিবার দুটি হাটের দিনে ভোগান্তি চরমে উঠে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গুরুদাসপুর পৌর কর্তৃপক্ষ চাঁচকৈড় হাট কমিটির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রায় সাড়ে তিন বিঘা জমি দখল করে বাঁশের হাট বসায় প্রায় ২৫ বছর আগে। সেখান থেকে বছরে প্রায় এক লাখ টাকা টোলও আদায় করে তারা। হাটটি অপসারণের ব্যাপারে পৌর কর্তৃপক্ষ, হাট পরিচালনা কমিটি ও বাঁশ ব্যবসায়ীদের সঙ্গে অনেকবার দেন-দরবার করা হলেও কোনো কাজ হয়নি। উপরন্তু বাঁশ ব্যবসায়ীরা বিদ্যালয়ের সামনে আধা পাকা ঘর নির্মাণ করে তাঁদের (বাঁশ ব্যবসায়ী সমিতি) কার্যালয় তৈরি করেছেন। এ ঘরে সকাল-সন্ধ্যা চলে তাস, কেরাম ইত্যাদি খেলা আর আড্ডাবাজি।শিক্ষার্থীরা জানায়, আসা-যাওয়ার পথে ঘর এবং এর আশপাশে বসে থাকা লোকজন নানা কটূক্তি করে। তা ছাড়া হাটের কারণে অসনীয় যানজটের সৃষ্টি হয়। পড়ালেখায়ও মন বসে না।অধ্যক্ষ আফসার আলী জানান, প্রতিষ্ঠানটির নিজস্ব জায়গা দখল করে পৌরসভা কর্তৃপক্ষ ও হাট কমিটি যৌথভাবে হাট বসিয়ে খাজনা আদায় করছে। অধ্যক্ষ বলেন, বাঁশের হাটটি অপসারণ করে ওই জায়গায় মার্কেট তৈরি করে ভাড়া দিলে, সেই আয় দিয়ে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করা সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট সব জায়গায় আবেদন করা হলেও কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।এদিকে গুরুদাসপুর পৌর মেয়র মশিউর রহমান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বাঁশ ব্যবসায়ীদের ডেকে স্কুলের জায়গা ছাড়তে বলা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে বরাদ্দ করা জায়গায় হাটটি বসাতে বলা হলেও অজ্ঞাত কারণে হাট কর্তৃপক্ষ তা করছে না।বাঁশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, ‘চাঁচকৈড় হাট কমিটি এ জায়গায় বাঁশের হাট বসিয়ে আমাদের কাছ থেকে খাজনা আদায় করছে। হাট স্থনান্তর করলে তারাই করতে পারে। আমাদের বলে লাভ নেই।’চাঁচকৈড় হাট পরিচালনা কমিটির পক্ষে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, স্কুলের জায়গায় বাঁশের হাটটি চলছে প্রায় ৬০ বছর ধরে। এত বছর হাটটি স্থানান্তরের প্রশ্ন ওঠেনি। এখন আওয়ামী লীগের দলাদলির সুযোগে একটি মহল হাটটি অন্যত্র নেওয়ার চেষ্ঠা করছে। তিনি মনে করেন, হাটটি সরানো হলে অনেক ক্ষতি হবে। কারণ, হাটটি এ এলাকার মানুষের আয়ের একমাত্র অবলম্বন। তিনি মনে করেন, বিদ্যালয়ের উন্নয়ন করতে চাইলে অনেকভাবে করা যায়। হাট স্থানান্তর করা কোনো সমাধান নয়।