সেশন জট নিরসনের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্মারকলিপিতে সেশন জটের স্থায়ী সমাধানসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন তাঁরা।বেলা একটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে তিনজনের একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। সেখানে মন্ত্রীর হাতে পাঁচ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।ওই তিন প্রতিনিধি হলেন ঢাকা কলেজের দুই শিক্ষার্থী খন্দকার রায়হান ও রাসেল ভূঁইয়া এবং তিতুমীর কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন।স্মারকলিপি দেওয়ার পর ওই প্রতিনিধিদলের সদস্যরা প্রথম আলো ডটকমকে জানান, এই সমস্যার দ্রুত সমাধানে মন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবেন এবং নিজেরাও এ ব্যাপারে দৃষ্টি দেবেন।শিক্ষার্থীরা আরও জানান, মন্ত্রীর আশ্বাসে নতুন কর্মসূচি দেওয়ার ব্যাপারে আরও কিছু দিন অপেক্ষা করবেন তাঁরা।স্মারকলিপিতে উল্লেখ করা অন্যান্য দাবি হচ্ছে, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ ও এর সঠিক বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতেই চার বছরের সম্পূর্ণ সিলেবাস প্রদান, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা ও তিন মাসের মধ্যে ফল প্রকাশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণের সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন।