শিক্ষামন্ত্রীর এপিএস পরিচয়ে চট্টগ্রামে ভর্তির তদবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয় দিয়ে চট্টগ্রামে নগরের সেন্ট স্কলাস্টিকাস বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তির তদবির করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ সোমবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়, শিক্ষামন্ত্রীর এপিএস-২ পরিচয় দিয়ে মো. মহিউদ্দিন মন্ত্রণালয়ের প্যাড, সিল, সই ও ভিজিটিং কার্ড জালিয়াতি করে প্রথম শ্রেণীতে ছাত্রী ভর্তির জন্য তদবির করেন। এ নিয়ে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কয়েক দিন ধরে চাপ দিচ্ছিলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরি পালমা বলেন, ‘২৩ ডিসেম্বর প্রথম শ্রেণীর ফলাফল প্রকাশের পর থেকেই মহিউদ্দিন ফোনে বারবার শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে আমাকে ছাত্রী ভর্তির জন্য চাপ দিতে থাকেন। কিছুদিন আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত সচিব এ এস মাহমুদের সই করা একটি চিঠি দিয়ে যান বিদ্যালয়ে। এতে তাঁকে (মো. মহিউদ্দিন) ভর্তির ব্যাপারে সহযোগিতা করতে বলা হয়। পরে তিনি আমার সঙ্গে দেখা করতে চাইলে আজ সোমবার তাঁকে বিদ্যালয়ে আসতে বলা হয়। কিন্তু অন্য কাজের অজুহাত দেখিয়ে তিনি আর দেখা করেননি।’সহকারী একান্ত সচিব পরিচয় দেওয়া মহিউদ্দিনের ওই মোবাইলে ফোন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। আমি ঢাকায় থাকি। এ ধরনের কোনো কাজ করার প্রশ্নই আসে না।’কোতোয়ালি থানায় যোগাযোগ করে জানা গেছে, বিষয়টি তদন্ত করছেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন। তিনি থানায় অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’