শিক্ষামন্ত্রীর দপ্তরের পিয়ন কারাগারে
ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষামন্ত্রীর দপ্তরের পিয়ন মোহাম্মদ আলীকে আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর মোহাম্মদ আলীকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।সরকারি ছাপাখানা বিজি প্রেসের ১২ কর্মচারীর চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ গত বুধবার রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।গত ৪ অক্টোবর ভুক্তভোগী কর্মচারীদের পক্ষে হারুন অর রশীদ বাদী হয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরের পিয়ন ও বাংলাদেশ সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের একাংশের সভাপতি মোহাম্মদ আলী ও তাঁর সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলমের নামে অর্থ আত্মসাতের অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন।