শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষার্থীরা আশ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলমান সংকট সমাধানে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বৈঠক শেষ হয়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা এ বৈঠক চলে। বৈঠক শেষে আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রী তাঁদের বলেছেন, শিক্ষার সামগ্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তিনি ব্যবস্থা নেবেন, কাউকে শারীরিক এবং একাডেমিকভাবে হয়রানি করা হবে না। এ ছাড়াও শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর এসব বক্তব্যে আন্দোলনকারীরা আশ্বস্ত হয়েছেন। আন্দোলনকারী এক শিক্ষার্থী প্রথম আলো ডটকমকে জানান, তাঁরা আন্দোলনকারী অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানাবেন।বৈঠকে বুয়েটের ১৬ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল ও দুজন শিক্ষক অংশ নেন। মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের।গত সোমবার মধ্যরাতে শিক্ষক সমিতির নেতারা শিক্ষামন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে গিয়ে বৈঠক করেন। এ সময় সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং উপাচার্যের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। গতকাল মঙ্গলবার সকালে শিক্ষকেরা এ সিদ্ধান্ত জানালে শিক্ষার্থীরা তা মানতে রাজি হননি। পরে বেলা সাড়ে তিনটায় বুয়েট মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তাঁদেরও নিজস্ব ভাবনা রয়েছে। আছে নিজেদের যুক্তিসংগত ভাবনাগুলো তুলে ধরার চেতনা। তাই অভিভাবক হিসেবে শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের কথাগুলো তাঁরা তুলে ধরতে চান।