শিক্ষামন্ত্রীর বিস্ময়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-আন্দোলন সম্পর্কে প্রথম আলোকে দায়ী করে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দেওয়া বক্তব্য সঠিক নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সংবাদ সম্মেলনে প্রথম আলোর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর তা অবহিত হয়ে শিক্ষামন্ত্রী বিস্ময় প্রকাশ করেছেন।জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনায় কোনো মিডিয়ার বিরুদ্ধে সরকার বা শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ নেই। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সাংবাদিকেরা তাঁদের দায়িত্ব পালন করেছেন। এখানে বিভ্রান্তিকর কিছু আছে বলে তিনি মনে করেন না। শিক্ষামন্ত্রী জানান, আজ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেছেন। প্রধানমন্ত্রী আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর জোট সরকারের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ অর্থবছর পর আয় থেকে ব্যয়ে চলার ধারাটি অন্তর্ভুক্ত হয়েছিল। সেটি বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ে অসম্মতি দেওয়ার অর্থ বিষয়টি বাতিল হয়ে গেছে এমনটি নয়। অসম্মতি দিলেও বিষয়টি নিয়ে আলোচনার পথ রুদ্ধ হয়ে যায়নি। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল। প্রধানমন্ত্রীকে তিনি বিষয়টি জানিয়েছেন। খুব শিগগির এর সুষ্ঠু সমাধান হবে।