শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। এই দাবির কথা তাঁরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সরাসরি জানাতে চান। বুয়েট প্রাঙ্গণে এসে দাবির কথা শুনতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার ওপর তাঁদের ক্লাসে ফিরে যাওয়ার বিষয়টি নির্ভর করছে বলে তাঁরা জানান।আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে বুয়েট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবির কথা জানান। শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে শিক্ষার্থীদেরও নিজস্ব ভাবনা রয়েছে। রয়েছে নিজেদের যুক্তিসংগত ভাবনাগুলো তুলে ধরার চেতনা। তাই অভিভাবক হিসেবে শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের কথাগুলো তুলে ধরতে চান। এ সময় শত শত শিক্ষার্থী উপাচার্য ও সহ-উপাচার্যকে না সরানো পর্যন্ত ক্লাসে যাবেন না বলে চিত্কার করে জানাতে থাকেন। সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষ থেকে দুজন উপস্থিত ছিলেন। তাঁদের একজন হুমায়ুন কবীর বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি অভিন্ন—উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ। সরকারও তা উপলব্ধি করতে পেরেছে বলে আমরা মনে করি। এ জন্য গতকাল শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সহ-উপাচার্যকে প্রত্যাহার এবং কর্তৃপক্ষের করা মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপাচার্যের বিষয়ে বলা হয়েছে, আলোচনা করে সিদ্ধান্ত হবে। তবে শিক্ষার্থীরা চায়, এখনই উপাচার্যকে সরানো হোক। আমরা আলোচনায় আছি। আমরা মনে করি, আলোচনার মাধ্যমে শিগগিরই একটা সুষ্ঠু সমাধান পাওয়া যাবে।’ শিক্ষক সমিতিও করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে।এর আগে বুয়েটের শিক্ষকেরা গতকাল রাতের সিদ্ধান্ত আজ সকালে শিক্ষার্থীদের জানান। সরকারের এ সিদ্ধান্তের ব্যাপারে শিক্ষার্থীরা তাঁদের আপত্তির কথা শিক্ষকদের জানান। বর্তমান উপাচার্যের অধীনে তাঁরা নিরাপদ নন উল্লেখ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ওপরের দাবিগুলো জানান শিক্ষার্থীরা।গতকাল মধ্যরাতে বুয়েট শিক্ষক সমিতির নেতারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মিন্টো রোডের সরকারি বাসভবনে গিয়ে বৈঠক করেন। রাত দেড়টার দিকে বৈঠক শেষ হয়। বৈঠকে বুয়েটের সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা কর্তৃপক্ষের মামলা প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, বৈঠকে বুয়েটের সার্বিক বিষয় পর্যালোচনা করে সহ-উপাচার্যকে প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে। মামলাও দ্রুত প্রত্যাহার করা হবে। তিনি বলেন, অন্য অভিযোগগুলোর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুয়েটের আন্দোলনরত শিক্ষকেরা এ সিদ্ধান্তের ব্যাপারে আশ্বস্ত হয়েছেন। তাঁরা জানিয়েছেন, দ্রুত শিক্ষা কার্যক্রমে ফিরে যাবেন তাঁরা।বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৈঠকের সিদ্ধান্তে আমরা আশ্বস্ত হয়েছি। আজ বিষয়টি শিক্ষক-শিক্ষার্থীদের জানাব। আশা করছি, দ্রুতই স্বাভাবিক শিক্ষাকার্যক্রম শুরু করতে পারব। তবে শিক্ষাকার্যক্রম শুরুর জন্য কিছু প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় আছে।’এর আগে গতকাল উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বেচ্ছায় শরীর থেকে রক্ত বের করে অভিনব প্রতিবাদ জানান। তাঁরা সিরিঞ্জের মাধ্যমে নিজের শরীর থেকে রক্ত নিয়ে তা বোতলে ভরে প্রশাসনিক ভবনের সিঁড়িতে ঢেলে দেন। ওই ভবনে উপাচার্য ও সহ-উপাচার্যের কার্যালয়।এরপর বিকেল থেকেই সমঝোতার চেষ্টা নতুনভাবে শুরু হয়। এর অংশ হিসেবে আন্দোলনকারী কয়েকজন শিক্ষকের সঙ্গে বৈঠক করেন শিক্ষাসচিব। এই বৈঠকের আগে সচিবের আশ্বাসে আজ বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।এর আগের দিন রাতে বুয়েট কর্তৃপক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের নামে দুটি মামলা করে। সেখানে উপাচার্যের কার্যালয় থেকে চুরির অভিযোগ আনা হয়।উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে বুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে পরিচালিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের ওপর গত ৩১ জুলাই আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।এরপর শিক্ষক সমিতি আন্দোলনের কর্মসূচি স্থগিত করে এবং আন্দোলনের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা না দেওয়ার ঘোষণা দেয়। তবে শিক্ষার্থীদের বিষয়ে কিছু বলা হয়নি দাবি করে তারা নতুন করে আন্দোলনে নামে। ৪৪ দিন পর গত ২৫ আগস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস হচ্ছে না।