শিক্ষামন্ত্রীর সঙ্গে বুয়েট শিক্ষকদের বৈঠক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদ বৈঠকে বসেছেন। মন্ত্রীর মিন্টু রোড়ের সরকারি বাসভবনে আজ সোমবার রাতে এ বৈঠক শুরু হয়। বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগসহ সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।আজ রাতে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলো ডট কমকে এ কথা জানান।এর আগে আজ রাতে বুয়েট শিক্ষক সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তারা শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে যান। এছাড়া শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও আন্দোলনরত শিক্ষকদের মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণের দাবিতে বুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ১১ জুলাই থেকে লাগাতার আন্দোলন করে আসছিলেন। ৩১ জুলাই আদালত আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এরপর শিক্ষক সমিতি আন্দোলন কর্মসূচি স্থগিত করে। কিন্তু শিক্ষকেরা ব্যক্তিগত পর্যায় থেকে ক্লাসে না যাওয়ায় দীর্ঘ ৪৪ দিন পর গত ২৫ আগস্ট বুয়েট খুললেও ক্লাস বা পরীক্ষা হচ্ছে না। অনিশ্চিত হয়ে পড়েছে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।