শিক্ষামন্ত্রীর সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের বৈঠক শুরু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চলমান সংকট সমাধানে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার বিকেল চারটায় মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রীর বৈঠক চলছে।মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বুয়েটের ১৬ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল ও দুজন শিক্ষক এ বৈঠকে অংশ নিয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষে রয়েছেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের।গত সোমবার মধ্যরাতে শিক্ষক সমিতির নেতারা শিক্ষামন্ত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে গিয়ে বৈঠক করেন। এ সময় সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। উপাচার্যের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। গতকাল মঙ্গলবার সকালে শিক্ষকেরা এ সিদ্ধান্ত জানালে শিক্ষার্থীরা তা মানতে রাজি হননি। পরে বেলা সাড়ে তিনটায় বুয়েট মিলনায়তনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তাঁদেরও নিজস্ব ভাবনা রয়েছে। আছে নিজেদের যুক্তিসংগত ভাবনাগুলো তুলে ধরার চেতনা। তাই অভিভাবক হিসেবে শিক্ষামন্ত্রীর কাছে তাঁদের কথাগুলো তাঁরা তুলে ধরতে চান।