শিক্ষামূলক টিভি অনুষ্ঠান শিশুদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে!
কার্টুন বা সিসিমপুরের মতো জনপ্রিয় শিক্ষামূলক টেলিভিশন অনুষ্ঠান দেখার জন্য যারপরনাই উত্সাহ থাকে শিশুদের। আদরের শিশুদের এ উত্সাহ আর আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে অভিভাবকেরাও এসব অনুষ্ঠান দেখার সুযোগ করে দেন তাদের। কিন্তু এ ক্ষেত্রে বোধহয় একটু সাবধান হওয়া উচিত। কারণ, দুই বছরের নিচের শিশুদের জন্য প্রচার করা শিক্ষামূলক টেলিভিশন অনুষ্ঠান দেখাতে শিশুদের অহেতুক সময় নষ্ট হয় ও তাদের মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয় বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। আজ মঙ্গলবার ডেইলি মেইল অনলাইনের এক খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টনে এএপির বার্ষিক সম্মেলনে এ গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, কম বয়সী শিশুদের ওই ধরনের বিকাশ ঘটে না যে তারা টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখে ভালো কিছু শিখবে। বরং টেলিভিশনে এসব অনুষ্ঠান অতিরিক্ত দেখায় তাদের কথা বলার বিকাশটা অনেকটা ধীরে হয়। এর কারণে তারা খারাপ আচরণও করতে থাকে। এসব কারণে সিসিম স্ট্রিট স্পিন-অফ সিসিম ট্রিসহ বাচ্চাদের এ ধরনের টেলিভিশন অনুষ্ঠানগুলোর কঠোর সমালোচনা করেছেন বিজ্ঞানীরা।আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের ওই গবেষকেরা বলেছেন, শিশুদের মস্তিষ্কের বিকাশে খুব ভালো ও সহজ উপায় হলো, তাদেরকে এলোমেলোভাবে খেলতে দিতে হবে। এ সুযোগটা বাচ্চাদের এককভাবেও দেওয়া যেতে পারে আবার এর সঙ্গে অভিভাবকেরাও যুক্ত হতে পারেন। অভিভাবকেরাও যদি শিশুদের সঙ্গে নিয়ে টেলিভিশনে কোনো অনুষ্ঠান দেখেন, তা হলেও শিশুদের ওপর বিরূপ প্রভাব পড়ে বলে জানিয়েছেন ওই গবেষকেরা। গবেষকেরা সতর্ক করে বলেছেন, ঘুমোতে যাওয়ার আগে শিশুদের টেলিভিশন দেখা মোটেও উচিত নয়। এতে তাদের ঘুমের খারাপ অভ্যাস হয়ে যেতে পারে। আর এর প্রভাব সরাসরি তাদের মেজাজ ও আচরণের ওপর পড়ে। ওই গবেষণার লেখক অ্যারি ব্রাউন বলেছেন, ‘অনেক ভিডিও অনুষ্ঠানই শিশুদের জন্য শিক্ষামূলক বলে প্রচার করা হয়। কিন্তু এটাকে সমর্থন করা যাবে না। তবে যদি এমন গুণগতমানের কোনো অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানের বিষয় ও প্রেক্ষাপট শিশুরা পুরোপুরি বুঝতে সক্ষম তাহলে কেবল তা দেখতে পারে।’