শিক্ষায় দ্রুত অগ্রগতিতে বাংলাদেশ মডেল: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন বাধা সত্ত্বেও বাংলাদেশের শিক্ষা খাত উত্সাহব্যঞ্জক অগ্রগতি লাভ করেছে। অল্প সময়ের মধ্যে প্রাথমিকে প্রায় শত ভাগ শিক্ষার্থী ভর্তি, প্রাথমিক-মাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যার ক্ষেত্রে সমতা অর্জন, শিক্ষাবর্ষের প্রথম ক্লাসে পাঠ্যবই প্রদান, সময়মতো ক্লাস শুরুসহ নানা ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের মডেল দেশে পরিণত হয়েছে। আজ শনিবার বিশ্বব্যাংকের সদর দপ্তরে বিশ্বব্যাংক ও জাতিসংঘ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে সভাপতিত্ব করেন জাতিসংঘের গ্লোবাল এডুকেশনের স্পেশাল এনভয় গর্ডন ব্রাউন। খবর বাসসের।শিক্ষামন্ত্রী বলেন ১৯৯১ সালে বাংলাদেশের নারী শিক্ষার হার ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে কম। সে সময় ৮০ শতাংশ নারী ছিল অশিক্ষিত। ১৯৯১ সালে প্রাথমিকে শিক্ষার্থী ভর্তির হার ছিল ৬১ শতাংশ। ২০১১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২ শতাংশে এবং ২০১২ সালে ৯৯ দশমিকে ৪৭ শতাংশে। তিনি বলেন, সম্প্রতি প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তিন কোটির বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। ২০১১ সালের জরিপ অনুযায়ী দেশে প্রাথমিক স্কুলের সংখ্যা লক্ষাধিক। তার ওপর স্কুল না-থাকা প্রত্যন্ত অঞ্চলে নতুন আরও এক হাজার ৫০০টি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া সরকারের সহায়তায় পাবলিক-প্রাইভেট অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আট লাখের ওপর শিক্ষার্থীকে স্কুলে ভর্তি করেছে। নাহিদ বলেন, গত ৪০ বছরে বাংলাদেশে প্রাথমিক স্তরে নারী শিক্ষার্থীদের ভর্তির হার ৩২ শতাংশ থেকে ৫১ শতাংশে এবং মাধ্যমিকে ১৮ শতাংশ থেকে ৫৪ শতাংশে উন্নীত হয়েছে। বর্তমানে প্রাথমিকে নারী শিক্ষকের হার ৫৩ এবং মাধ্যমিকে ৪০ শতাংশ। দুই দশক ধরে নারী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নেও বাংলাদেশ অনেক এগিয়েছে। পরপর চার বছর ১ জানুয়ারিতে প্রথম থেকে নবম-দশম শ্রেণীর সাড়ে তিন কোটি শিক্ষার্থীকে ৯২ কোটি পাঠ্যবই বিনা মূল্যে দেওয়া হয়েছে। এ ছাড়া মেধাবী শিক্ষক নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু, পঞ্চম ও অষ্টম শ্রেণীর পাবলিক পরীক্ষা চালু, সর্বস্তরে আইটির ব্যবহার নিশ্চিত করাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি।বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, ইআরডি সচিব মো. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।