শিক্ষার আলোয় সুবিধাবঞ্চিত শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলের সামনে ইলেকট্রনিকসের ছোট-বড় নানা রকম উপকরণ। বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে এসব উপকরণ দিয়ে কাজ করছে কয়েকজন কিশোর। তারা কেউ তৈরি করছে আইপিএস, কেউ ইউপিএস। কেউ আবার মেরামত করছে পুরোনো টেলিভিশন। মিরপুর ২ নম্বর সেকশনের ইউসেপ-বাংলাদেশ স্কুলের কারিগরি শিক্ষা বিভাগে দেখা গেল এমন চিত্র। যারা কাজ করছিল তারা সবাই এ প্রতিষ্ঠানের ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থী। তারা সবাই সুবিধাবঞ্চিত শিশু। ইউসেপে কেবল শ্রমজীবী শিশুরাই ভর্তি হতে পারে। ভর্তি ফি ২০ টাকা এবং সেশন ফি ৩০ টাকা। ইউসেপে শিক্ষার কার্যক্রম দুই ধরনের—সাধারণ ও কারিগরি। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষা। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের মেয়াদ ছয় মাস। তারপর অষ্টম শ্রেণী পাসের পর শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বিষয় নিয়ে কারিগরি বিভাগে পড়াশোনা করে। কারিগরি বিভাগে মোট ১৭টি পড়াশোনার বিষয় রয়েছে। যেগুলোর মেয়াদ ছয় মাস থেকে এক বছর পর্যন্ত। বিষয়গুলো হচ্ছে অটোমোবাইল, ওয়েল্ডিং অ্যান্ড জেনারেল ফিটিংস, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন, অফসেট প্রিন্টিং, কার্পেন্টারি, গার্মেন্টস, গার্মেন্টস ফিনিশিং, গার্মেন্টস মেশিন, ওয়েল্ডিং, স্পিনিং, উল নিটিং, নিটিং, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং, উড ওয়ার্কিং ও নার্সিং। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার সব রকম সুবিধা ইউসেপ দিয়ে থাকে। এ ছাড়া কারিগরি বিভাগে পড়াশোনার সময় ইউসেপ শিক্ষার্থীদের ৪০০ টাকা করে বৃত্তি দেয়। এ ছাড়া যেসব শিক্ষার্থী পড়াশোনায় ভালো, ইউসেপ সেসব শিক্ষার্থীকে কারিগরি বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করে দেয়। সহশিক্ষা কার্যক্রমও ইউসেপে রয়েছে। এ জন্য ছবি আঁকা, নাচ, গান, আবৃত্তি, বিতর্কসহ নানা সাংস্কৃতিক বিষয়ের ক্লাস হয়। এসব বিষয়ে মাঝেমধ্যে প্রতিযোগিতাও হয়।পরিবারের অভাবে কাজ করতে হচ্ছে, এমন শিশুদের পড়াশোনা করানো হচ্ছে ইউসেপের স্কুলে। মিরপুর শাখার ইলেকট্রনিকস বিভাগের ছাত্রী সোনিয়া আক্তার বলল, ‘ক্লাসের বাইরে আমি বাড়িতে সেলাইয়ের কাজ করি। এই কাজ করে মাসে দুই-তিন শ টাকা আয় হয়। সেই টাকা সংসার খরচ হিসেবে মায়ের হাতে তুলে দিই।’ অটোমোবাইল বিভাগের ছাত্র আশরাফুল ইসলাম বলল, ‘আমি সকালে মোহাম্মদপুরের নূরজাহান রোডে পত্রিকা বিক্রি করে তারপর ক্লাসে আসি।’ ইউসেপ ধলপুর স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ওমর ফারুক পড়াশোনার পাশাপাশি গ্রিলের দোকানে কাজ করে। অষ্টম শ্রেণীর শিল্পী আক্তার বাসায় কাগজের ব্যাগ তৈরি করে। একই শ্রেণীর নূরজাহান করে পিতলের তৈরি জিনিস পলিশের কাজ। এখানকার সোহাগ, আলামিন, সাথী, শাকিলসহ অন্য শিক্ষার্থীরাও পড়াশোনার পাশাপাশি বাইরে কাজ করে। তারা জানায়, ইউসেপ স্কুল থেকে পড়াশোনা শেষ করে তারা আরও পড়াশোনা করবে।একসময় ইউসেপের ছাত্র ছিলেন সুমন মিয়া। এখন তিনি ইউসেপের অটোমোবাইল বিভাগের শিক্ষক। তিনি বলেন, ইউসেপ বাংলাদেশ শ্রমজীবী শিশুদের আলোর ঠিকানা। এখান থেকে পড়াশোনা করে অনেক শ্রমজীবী শিশু আজ সমাজে প্রতিষ্ঠিত। ইউসেপ ধলপুর স্কুলের প্রধান শামছুল আলম বলেন, ‘সুবিধাবঞ্চিত-শ্রমজীবী শিশুদের পড়াশোনা ও কারিগরি কাজ শিখিয়ে একটি আদর্শ দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে ইউসেপ।’ইউসেপের প্রতিটি স্কুলেই রয়েছে শিশু পরিষদ। গণতান্ত্রিক নিয়মানুযায়ী এই পরিষদের নির্বাচন হয়। এতে চেয়ারম্যান ও সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়। শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন দাবিদাওয়া এ পরিষদের মাধ্যমেই প্রতিষ্ঠান-প্রধানের কাছে পেশ করে। মিরপুর ইউসেপ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার এখানকার শিশু পরিষদের চেয়ারম্যান। সে বলল, ‘এর মাধ্যমে সংগঠন ও দায়িত্ব সম্পর্কে অনেক কিছু শিখতে পারছি।’শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে তুলতে ইউসেপ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছে। এতে এখানকার প্রতিটি শিক্ষার্থী প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিচ্ছে। সোসাইটির পক্ষ থেকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিজের পায়ে দাঁড়াতে আর্থিক সহায়তা দেওয়া হয়। ইউসেপের একটি দক্ষ দল রয়েছে, যারা ইউসেপের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান খুঁজে বেড়ায়। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দানে ইউসেপ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠান দেশের শহরাঞ্চলের সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের ভাগ্যোন্নয়নে কাজ করে চলছে। সেই ধারাবাহিকতায় ইউসেপ থেকে এ পর্যন্ত দেড় লক্ষাধিক সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও কারিগরি কাজ শিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইউসেপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দিন আহমেদ বলেন, ইউসেপ বাংলাদেশে দক্ষ জনগোষ্ঠী গড়ার অন্যতম কারিগর। এই প্রতিষ্ঠান উন্নয়নশীল বাংলাদেশ গড়ার অংশীদার। কেননা এর মাধ্যমে সুবিধাবঞ্চিত-শ্রমজীবী শিশুরা নিজেদের ভাগ্য গড়ার সুযোগ পাচ্ছে। ফিরে দেখামুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের শ্রমজীবী শিশুদের পুনর্বাসনের জন্য নিউজিল্যান্ডের সমাজসেবক লিন্ডসে অ্যালান চেইনি ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ)। শুরুতে চেইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষককে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করেন। তখন ৬০ জন শ্রমজীবী শিশুকে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুমের বারান্দায় ও খোলা মাঠে পড়াতেন তিনি। ধীরে ধীরে তাঁর কার্যক্রম বাড়তে থাকে।এখন নগরের মিরপুর, রায়েরবাজার, মোহাম্মদপুর, গণকটুলি, শেখ সাহেব বাজার, লালবাগ, কেরানীগঞ্জ, শ্যামপুর, মগবাজার, বাড্ডা, বংশাল, ধলপুর, সায়েদাবাদ সিটি পল্লী, পোস্তগোলা ও ইমামগঞ্জে রয়েছে এর ১৫টি শাখা। পুরো দেশে ইউসেপের ৫২টি সাধারণ ও ১০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শ্রমজীবী শিশু-কিশোর পড়াশোনা করছে। ঢাকা শহরের ১৫টি শাখার মধ্যে দুটিতে কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। সাধারণ শাখাগুলোয় শিক্ষার্থী রয়েছে ১০ হাজার ৮৫৭ জন ও কারিগরি শাখায় এক হাজার ৭২৬ জন।