পড়ালেখা করি তো দেশের জন্যইনাজিয়া চৌধুরীপ্রথম বর্ষ, স্নাতকম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), যুক্তরাষ্ট্রসত্যি কথা হলো, দুই বছর আগে আমি স্বপ্নেও ভাবিনি, আমাকে সৃষ্টিকর্তা বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর একটায় স্নাতক পড়ার সুযোগ দেবেন। স্বপ্নাতীত আমার এই প্রাপ্তি আসলে আমার আম্মু-আব্বু, শিক্ষক আর বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের। তাই তো এখন পড়ছি এমআইটিতে। এসএসসি আর এইচএসসি পাস করেছি যথাক্রমে চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে। এমআইটিতে স্নাতক পড়ছি জীববিজ্ঞান বিষয়ে। এখন তো জিনবিজ্ঞানীদের গবেষণা পুরো বায়োলজির চেহারাই পাল্টে দিচ্ছে। আমার পড়াশোনাও তাই মূলত জিনবিজ্ঞান নিয়েই।এমআইটিকে একটা গবেষণার কারখানা বলা যায়। বিভিন্ন বিষয়ের প্রায় ২০০টির মতো ল্যাবে প্রতিদিন গবেষণা চলছে এখানে, যেগুলোতে অংশ নিচ্ছে প্রায় ৮৫ শতাংশ ছাত্রছাত্রী। ক্যানসার এবং নবায়নযোগ্য শক্তি বিষয়ে গবেষণার জন্য তো আলাদা ইনস্টিটিউটই আছে। এ ছাড়া আছে অসংখ্য লাইব্রেরি, যার মধ্যে বার্কার প্রকৌশল লাইব্রেরি, হেইডেন বিজ্ঞান লাইব্রেরি, লেভিস মিউজিক লাইব্রেরিতেই ছাত্রছাত্রীদের আনাগোনা বেশি। এসব ল্যাব এবং প্রাতিষ্ঠানিক ভবনের অবস্থান ক্যাম্পাসের পূর্বাংশে; পশ্চিম অংশে আছে ছাত্রছাত্রীদের ডরমিটরি, খেলার মাঠ, স্টুডেন্ট সেন্টার, এসব। এমআইটি স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সাত থেকে আট শতাংশ আন্তর্জাতিক; আর বর্তমানে বাংলাদেশি ছাত্রছাত্রীর সংখ্যা তিনজন। জনপ্রিয় মূল বিষয়গুলোর (মেজর) মধ্যে আছে তড়িত্ এবং কম্পিউটার প্রকৌশল, জীববিজ্ঞান, রাসায়নিক প্রকৌশল, গণিত ও পদার্থবিজ্ঞান। এ ছাড়া সাহিত্য, পরিবেশবিজ্ঞান, মহাকাশ প্রকৌশল, মনোবিজ্ঞানসহ ৫০টির মতো মেজর ডিপার্টমেন্ট আছে এখানে। এসব বিভাগে শিক্ষকতা করছেন রবার্ট ওয়াইনবার্গ, এরিক ল্যান্ডার, আরথার ম্যাটাক, রিচার্ড শ্রক, পিটার ডায়মন্ড, নোয়াম চমস্কির মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিরা।এখানে অধিকাংশ সময় পড়ালেখা, ল্যাব আর সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি আমরা। এসবের ফাঁকে ফাঁকে আমার পরিবার, আমার দেশ বাংলাদেশকে অনেক অনেক মিস করি। বিশেষ করে দেশে বিশ্বকাপ ক্রিকেটের মতো এত বিশাল, এত চমত্কার একটা আয়োজন হচ্ছে, ভাবলেই ভীষণ আফসোস হয়! আবার নিজেই নিজেকে বলি, পড়ালেখা করি তো দেশের জন্যই! আমার স্বপ্ন বাংলাদেশে একটা বিশ্বমানের গবেষণাপ্রতিষ্ঠান গড়ে তোলা। যেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করা মেধাবী গবেষকেরা সেখানে কাজ করে দেশকে ভরিয়ে দিতে পারেন সম্ভাবনাময় আবিষ্কার দিয়ে। যেই দেশে হরিপদ কাপালি আর পলান সরকারের মতো মানুষ আছেন, সেই দেশে এই স্বপ্ন একদিন নিশ্চয়ই সত্য হবে।দেশের স্বাস্থ্য খাত নিয়ে গবেষণা করে যেতে চাইড. হোসনে আরা বেগম কমনওয়েলথ পোস্ট ডক্টরাল ফেলোক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ক্যামব্রিজে পড়ব, উচ্চশিক্ষা নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে শিক্ষকতা করতে করতেই ২০০০ সালে ক্যামব্রিজে পিএইচডি করার সুযোগ পাই। ২০০৪ সালে ক্যামব্রিজ থেকে অর্জন করি পিএইচডি ডিগ্রি। ফিরে যাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার ছাত্রছাত্রীদের পড়াতে। আবার আমি এলাম ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এবার কমনওয়েলথ পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে আমি এসেছি। আমার গবেষণাকাজে অর্থায়ন করছে কমনওয়েলথ। ক্যামব্রিজে পোস্ট ডক্টরেট গবেষণা করছি। স্বাস্থ্য অর্থনীতি (হেলথ ইকোনমিকস) যেহেতু আমার বিষয়, তাই পোস্ট ডক্টরাল গবেষণার পাশাপাশি স্বাস্থ্যপরিচর্যার জন্য স্বাস্থ্য অর্থনীতি এবং এ বিষয়ে অর্থনৈতিক মূল্যায়নের (ইকোনমিক ইভালুয়েশন) মডেলিং বিষয়ে আরও কিছু উচ্চতর কোর্স করছি যুক্তরাজ্যেরই বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে। আমার পড়াশোনা স্বাস্থ্য অর্থনীতি নিয়েই। আর গবেষণার ক্ষেত্রটাও বাংলাদেশকে ঘিরে। গবেষণার নাম ‘দ্য কস্ট এফেক্টিভনেস অব হেলথ এডুকেশন, স্যানিটেশন অ্যান্ড ডিওয়ার্মিং প্রোগ্রামস ফর কন্ট্রোলিং দি ইনটেসটিনাল প্যারাসাইটস ইন রুরাল বাংলাদেশ’। মানে কোন উপায়টা সাশ্রয়ীভাবে রোগজীবাণু ও কৃমি নিয়ন্ত্রণ করতে পারে গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, চিকিত্সা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে, তা বের করা। অর্থনৈতিক মূল্যায়নের কৌশল নিয়ে গত নভেম্বর মাসে আমি যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটা সম্মেলনে যোগও দিয়েছিলাম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে একেবারেই আলাদা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। নগরজীবন গড়ে ওঠার আগেই যাত্রা শুরু ক্যামব্রিজের। পুরো শহরের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে হওয়ার এটা এক বড় কারণ। নৈসর্গিক সৌন্দর্য, প্রাচীন ইমারত, ঐতিহাসিক দালানকোঠা—সবকিছু নিয়েই অনন্য ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। গোটা দুনিয়ার জ্ঞানপিপাসুদের কাছে এটা মেধা বিকাশের তীর্থস্থান। শিক্ষার্থীরা এখানে আসেন নিজের শিক্ষার বিকাশ ঘটাতে এবং নতুন কিছু শিখতে। আফসোস, পোস্ট ডক্টরাল কোর্স পুরো শহর ঘুরে দেখার সময় আমাকে দেয় না। এ কোর্সে সময় বের করা খুব কঠিন। কলেজ থেকে কলেজে ঘোরা—এ পর্যন্তই হয়। আর সপ্তাহান্ত সব শিক্ষার্থীর জন্যই আনে আনন্দ আর উত্সবের আমেজ। ক্যাম নদী দেখা সব সময়ই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। আমি মা ও শিশুস্বাস্থ্য নিয়ে গবেষণা অব্যাহত রাখতে চাই। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বাধাগুলো বের করতে এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কীভাবে সবাইকে দেওয়া যায়, তা নিয়ে গবেষণা করতে চাই।বাংলাদেশে বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি, চিকিত্সা ও কৌশলের অর্থনৈতিক মূল্যায়ন নিয়ে কাজ করে যেতে চাই। আমি মনে করি, স্বাস্থ্য অর্থনীতিতে সাম্প্রতিক সময়ে যে জ্ঞান অর্জিত হয়েছে, তা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সহজলভ্য করার ক্ষেত্রে কাজে লাগবে। মূল্যায়ন কৌশল কাজে লাগানোর প্রচুর সুযোগ আছে বাংলাদেশে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরাল কোর্স করার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব গর্বিত। নারী হিসেবে আমি ক্যামব্রিজে কোনো অসুবিধার সম্মুখীন হইনি।সত্যিই বাংলাদেশ মধ্য-আয়ের দেশে পরিণত হবে...আয়েশা সানিয়াপিএইচডি প্রোগ্রাম এপিডেমিওলজি বিভাগস্কুল অব পাবলিক হেলথ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রআমি ২০০৮-এর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথে পড়তে এসেছি। এখন এপিডেমিওলজি বিভাগে পিএইচডি প্রোগ্রামে তৃতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার মূল বিষয় রিপ্রোডাক্টিভ অ্যান্ড পেরিন্যাটাল এপিডেমিওলজি। গবেষণা করছি যেসব শিশু অপরিণত অবস্থায় কম ওজন নিয়ে জন্মায়, তাদের নিয়ে। থাকি চার্লস নদীর তীরে হার্ভার্ড হাউজিংয়ে। হার্ভার্ডের পাবলিক হেলথ স্কুল আর মেডিকেল স্কুল ক্যাম্পাস, মূল হার্ভার্ড ক্যাম্পাস থেকে দূরে, নদীর ওপারে। প্রতিদিন ক্লাসে যাওয়ার পথে শান্ত সুন্দর চার্লস নদী দেখে দিন শুরু করি (এখন যদিও নদী ঠান্ডায় জমে বরফ হয়ে আছে)। পাবলিক হেলথ স্কুলে বিভিন্ন দেশের এত ছাত্রছাত্রী আছে যে নিজেকে একদম এলিয়েন মনে হয় না। এপিডেমিওলজি পিএইচডি প্রোগ্রামে অবশ্য বেশির ভাগই মার্কিন ছাত্রছাত্রী, সম্ভবত মার্কিন নাগরিক না হলে পড়াশোনার খরচ জোগাড়ের সুযোগ কম বলে। সৌভাগ্যক্রমে আমি পিএইচডির পুরো সময়ের জন্যই ইউনিভার্সিটি থেকে বৃত্তি পেয়েছি।শুরুতে ক্লাসে এত আমেরিকান ছাত্রছাত্রী দেখে একটু ভয়ই পেয়েছিলাম। পরে দেখলাম, ওরা আসলে বেশ মিশুক। এ কয় বছরে ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। প্রত্যেকের মধ্যেই প্রতিযোগিতার মনোভাব তীব্রভাবে থাকলেও একজন আরেকজনকে কাজে অনেক সাহায্য করে। ছাত্র-শিক্ষক সবাই কাজের ব্যাপারে খুব সত্ ও পরিশ্রমী। প্রত্যেকেরই নিজেকে নিয়ে অহংকার করার কারণ আছে, তবু সবাই খুব বিনয়ী। শুরুতে অবশ্য বোস্টনের মানুষদের রুক্ষ মনে হতো। পরে বুঝেছি, এত কাজের মধ্যে কারোরই দুদণ্ড দাঁড়িয়ে কথা বলার সুযোগ থাকে না। আমারও পড়াশোনা আর গবেষণার কাজ করে আর অবসর তেমন একটা হয় না। সময় পেলে বাংলা বই পড়ি, মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন আর জীবনানন্দের কবিতা খুব পছন্দ। আর যখন সুযোগ হয়, আমি আর সৈকত (আমার স্বামী) সমুদ্র কিংবা নদীর কাছে যাই। পানির দেশের মানুষ বলেই হয়তো পানির কাছে গেলে ভালো লাগে। তবু মন ভরে না। যে সমুদ্রের তীরেই যাই, সবচেয়ে আপন কক্সবাজারের সৈকতের কথাই মনে পড়ে। আমি বাংলাদেশে শিশুস্বাস্থ্য উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখি। তাই তো ঢাকা মেডিকেল কলেজে শিক্ষানবিশি করার সময় জনস্বাস্থ্য পডার সিদ্ধান্ত নিয়েছি। এখন এত দূর এসে প্রায়ই মনে হয়, দেশে শিশুস্বাস্থ্য নিয়ে কত ভালো ভালো কাজ হচ্ছে, আর আমি তাতে সংযুক্ত হতে পারছি না। পড়াশোনা শেষ করার পর উন্নয়নশীল দেশে শিশুদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করতে চাই। আশা করি, পিএইচডি করার পর বাংলাদেশ এবং উপমহাদেশের অন্যান্য দেশে শিশুস্বাস্থ্য নিয়ে ভালো কাজের সুযোগ তৈরি করতে পারব। বাংলাদেশের এখনকার অবস্থা নিয়ে আমি খুব আশাবাদী। আমরা স্বাস্থ্য বিষয়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের পথে আছি। অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তাতে আমার সাহস করে ভাবতে ইচ্ছে করে, ২০২১-এর মধ্যে সত্যিই এ দেশ মধ্য-আয়ের দেশে পরিণত হবে। আর দেশকে উন্নতির এই সোপানে আনার জন্য যাদের অবদান অপরিসীম, বিশ্ব নারী দিবসে পোশাকশিল্পকর্মী সেই সব নারীকে অভিবাদন।সবার মৌলিক চাহিদাগুলো যেন পূরণ হয়কামরুন নাহার গবেষককিউশু বিশ্ববিদ্যালয়, জাপানকম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর সফটওয়্যার তৈরি এবং উন্নয়নের কাজ শুরু করি। এটাই ছিল আমার চাকরি। আর এই চাকরির সূত্রে ২০১০ সালের মার্চে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পাই। তারপর চলে আসি জাপানের এই বিশ্ববিদ্যালয়ে। আমরা এখানে উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্যসীমার নিচে যেসব জনগণ বসবাস করছে, তাদের জন্য প্রযুক্তিনির্ভর পণ্য এবং সেবা তৈরি ও তার প্রয়োগ নিয়ে কাজ করছি।আমাদের বর্তমান গবেষণার বিষয় দারিদ্র্যসীমার নিচে বসবাসরত জনগোষ্ঠীর কাছে যেসব সেবা যাচ্ছে; যেমন—ক্ষুদ্রঋণ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ইত্যাদি; সেসব সেবায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে সহজ ও অর্থবহ করা যায়, তা পরীক্ষা করে দেখা। গত এক বছর ধরে আমাদের প্রস্তাবিত সেবা এবং পণ্যগুলো নিয়ে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক ও আশার সঙ্গে কাজ করছি। অদূর ভবিষ্যতে এসব পণ্য ও সেবা নিয়ে এশিয়া, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে; যেমন—ভারত, ফিলিপাইন, আফ্রিকা, দক্ষিণ আমেরিকায় কাজ করার পরিকল্পনা রয়েছে। এখানকার কাজের পরিবেশ স্বাভাবিকভাবেই বেশ উন্নত। সব ধরনের যোগাযোগ যেমন ই-মেইল, চিঠিপত্র, কথা বলা—সবকিছুই জাপানি ভাষায় হলেও এখন পর্যন্ত কাজ করে যেতে পারছি সহকর্মীদের সহযোগিতার জন্য। কোনো প্রকার নজরদারি ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই কাজ শেষ করতেই অভ্যস্ত। মানুষের প্রতি পারস্পরিক সম্মানবোধ, বন্ধুত্বপূর্ণতা, ভদ্রতা, আচার-আচরণ ইত্যাদি সবকিছুই অনুকরণীয়। পৃথিবীর তৃতীয় বৃহত্ অর্থনীতির দেশের নাগরিক হওয়ার পরও দরিদ্র দেশের নাগরিক হিসেবে আমাদের প্রতি কোনো অবহেলা লক্ষ করিনি। অবসর সময়টাকে দুই ভাগে ভাগ করেছি। প্রতিদিনের কাজের শেষের অবসর এবং সাপ্তাহিক ছুটি। প্রতিদিন আনুষঙ্গিক কাজ সেরে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা, দেশে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলা, গান শোনা ইত্যাদি করেই সময় কেটে যায়। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চেষ্টা করি জাপানের মতো এত সুন্দর একটা দেশের সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে।আমার স্বপ্ন, আমাদের আধুনিক প্রযুক্তিপণ্য ও সেবাগুলো বাংলাদেশের সহজ-সরল ও দরিদ্র মানুষের জীবনযাপনের মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। আশা করি, আমরা সবাই সমাজে নিরাপদে বসবাস করতে পারব এবং আমাদের দেশের মানুষদের মৌলিক চাহিদাগুলো যেন পূরণ হয়। আর এ জন্য ধনী-গরিবনির্বিশেষে আমরা সবাই কাজ করে যাব।নিজের চেষ্টায় অনেক মেয়েই এগিয়ে আসবে...নাসরিন সুলতানা পিএইচডি গবেষকস্কুল অব এগ্রিকালচার অ্যান্ড ফুড সায়েন্স অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অব কুইনসল্যান্ড২০০৮ সালে অসএইডের এসিআইএআর বৃত্তি নিয়ে আসি অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড বিশ্ববিদ্যালয়ে। আমার গবেষণার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের কৃষিতে নারীর বর্তমান অবদানকে তুলে ধরে কৃষক হিসেবে তাদের অংশীদারির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা, যাতে ভবিষ্যতে তাদেরকে নীতিনির্ধারণে আরও বেশি গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের কৃষি খাতকে আরও সমৃিদ্ধর পথে এগিয়ে নেওয়া যায়। গবেষণার দীর্ঘ সময়ে আমার উপদেষ্টার আন্তরিক সহযোগিতা খুব অনুপ্রাণিত করে। পাশাপাশি সহকর্মী যাঁরা আছেন বিভিন্ন দেশ থেকে, আমরা কয়েকজন করে একটি অফিসকক্ষে বসি। আমরা নিজেরা সহজ সম্পর্ক রেখে চলি এবং কাজ নিয়ে আলোচনা করি, যেটা দারুণ সহায়ক। তিন বছর শেষে আমরা খুব ভালো বন্ধু এখন। এখানে লাইব্রেরি অনেক সমৃদ্ধ এবং সুন্দর পরিবেশ। কুইনসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসের মধ্যে আমি আছি মূল ক্যাম্পাস সেন্ট লুসিয়াতে। এখানে ৩৬ হাজার শিক্ষার্থী। বাংলাদেশের বেশ কজন আছেন বিভিন্ন অনুষদে। ব্রিসবেন নদী আর সিটিক্যাটে ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে হইচই, মাঝেমধ্যে নিখাদ বাঙালি আড্ডা।আর বাংলাদেশের শিক্ষার্থীরা মিলে দেশি খাবার নিয়ে কাটে অবসর। পাঠ্যবই আর কম্পিউটার থেকে মুখ সরিয়ে বাংলা বই পড়া, গান শোনা, ছবি দেখা আর এখানে দারুণ সব শপিং মল তো অবসর কাটানোর জন্য আছেই। যারা বেড়াতে ভালোবাসে, কুইনসল্যান্ডে অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে। আমি নতুন জায়গা দেখতে ভালোবাসি। বড়দিনের ছুটিতে অস্ট্রেলিয়ার নানা জায়গা দেখে নেওয়ার সুযোগ কাজে লাগাচ্ছি। ব্রিসবেনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের যাঁরা আছেন, তাঁদের সবাইকে নিয়ে আমরা একটি ফোরাম করেছি। এ ফোরাম থেকে বাংলাদেশের বিশেষ দিনগুলো উদ্যাপনের উদ্যোগ নিয়েছি। নতুন যারা দেশ থেকে লেখাপড়া করতে আসছে, তাদের সাহায্য করার চেষ্টা রয়েছে।আমরা সবাই যদি যার যার জায়গা থেকে সততার সঙ্গে নিজের কাজটুকু ঠিকভাবে করি, তাহলে অনেক কিছুই সম্ভব। এখানে যেভাবে আমরা নিয়ম মেনে চলি সে রকম যদি নিজের দেশে মেনে চলি, আমাদের সুন্দর বাংলাদেশ আরও অনেক সুন্দর হয়ে উঠবে। একটু সহনশীলতা, একটু আন্তরিকতা আর অপরকে সম্মান দিতে পারলেই আমরা সামনে এগিয়ে যাব। বাংলাদেশের মেয়েরা সমানভাবে ছেলেদের সঙ্গে পথ চলছে—এটা দেখতে পেলে খুব ভালো লাগবে। আমরা অল্প কজন যারা সুযোগ পেয়েছি বা তৈরি করে নিয়েছি নিজেদের চেষ্টায়, সে রকম অনেক মেয়েই আরও এগিয়ে আসবে—এই স্বপ্ন নিয়ে চলি। আমার চেষ্টা থাকবে নিজেকে এ রকম প্রচেষ্টায় সম্পৃক্ত রাখতে।নিজের একটা সফটওয়্যার প্রতিষ্ঠান করবমালিহা সুলতানাস্নাতকোত্তর শিক্ষার্থীতড়িত্ ও কম্পিউটার প্রকৌশল বিভাগ ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়াভ্যাঙ্কুভার, কানাডাস্নাতকোত্তর শ্রেণীতে পড়ছি আর ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার রিয়ালটাইম অ্যান্ড ডিপেন্ডেবল কম্পিউটিং ল্যাবে (রেডিক্যাল) গবেষণা সহকারী হিসেবে আছি। স্নাতকোত্তর পর্যায়ে আমাকে গবেষণা করতে হয়। গবেষণার বিষয়টি হলো তথ্য ধারণব্যবস্থা (স্টোরেজ সিস্টেম)। আরেকটু বিস্তারিত বললে বলা যায়, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল যন্ত্রে ব্যবহূত সলিড-স্টেট ড্রাইভ ও হার্ডডিস্ক ড্রাইভকে সমন্বিত করে ফাইল বা তথ্য ধারণব্যবস্থার কার্যকারিতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ করছি। পড়াশোনার পাশাপাশি এক সেমিস্টার ছুটি নিয়ে ভ্যাঙ্কুভারের স্থানীয় জ্যুগমা সিস্টেম ইনকরপোরেটেডে চার মাস শিক্ষানবিশি করেছি। ভ্যাঙ্কুভারের আগে পড়াশোনা করেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। এখানেই স্নাতক (২০০৫) ও স্নাতকোত্তর (২০০৭) ডিগ্রি নিয়েছি। যেখানে এখন পড়ছি, সেই ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটি খুবই সুন্দর। একেবারে সাগর আর পাহাড়ের কোল ঘেঁষে বিশ্ববিদ্যালয়টি। চাইলেই মাত্র ১০-১৫ মিনিটে চলে যাওয়া যায় সমুদ্রসৈকতে। ক্যাম্পাস-জীবনটাও এখানে অসাধারণ। শিক্ষার্থীদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা (স্টুডেন্ট হাউজিং) থেকে শুরু করে বড় বড় গ্রন্থাগার, সুইমিং পুল, ব্যায়ামাগার, রেস্তোরাঁ, খেলাধুলার ব্যবস্থা সবই আছে। থাকার ব্যবস্থা ছাড়া সবকিছুই শিক্ষার্থীরা বিনা মূল্যে ব্যবহার করতে পারে। স্নাতক শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পায় গবেষণা সহকারীর কাজ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ থেকে। এই কাজটা করতে হয় নিজের গবেষণার ওপরই। তাই টাকার জন্য আলাদা কোনো কাজ করা লাগে না। কিন্তু টিচার অ্যাসিস্ট্যান্টশিপে (টিএ) অনেক কাজ। টিউটোরিয়াল ক্লাস নেওয়া থেকে শুরু করে ল্যাব নেওয়া, পরীক্ষার হলে দায়িত্ব পালন, নম্বর দেওয়া—সবই করতে হয় টিএকে। একই সঙ্গে টিএ-আরএ, কোর্সের পড়াশোনা এবং ব্যক্তিগত কাজ—সব সামলে চলা স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জই। পড়াশোনা, গবেষণা ইত্যাদি করে যেটুকু অবসর পাই, সেই সময়টুকু কাটে গল্পের বই পড়ে, মুভি দেখে। অবসর পেলে হাইক করি আশপাশের পাহাড়ে। এ ছাড়া আরেকটি কাজ ভালো লাগে অবসরে, সেটা হলো বাইকিং। সৈকতের একদম পাশ দিয়ে বাইক চালানোর রাস্তা আছে।নিজের একটা সফটওয়্যার প্রতিষ্ঠান করব। এটা আমার স্বপ্ন। বাংলাদেশে অনেক মানবসম্পদ। ঠিকঠাক মতো তাদের ব্যবহার করতে পারলে, দেশের মানুষকে শিক্ষিত ও সচেতন করে তুলতে পারলে আমাদের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।গ্রন্থনা: পল্লব মোহাইমেন