শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে সচেতন ও সজাগ থাকার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে একটি বিশেষ মহল ষড়যন্ত্র চালাচ্ছে।সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মাহবুবুল হক সাংবাদিকদের এ কথা জানান।প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান।প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা ও সর্বশক্তি প্রয়োগে ওপর গুরুত্ব আরোপ করে বলেন, কাজটা অত্যন্ত কঠিন, তবে দেশ ও জাতির স্বার্থে এটা করতেই হবে।প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ বিনষ্টকারী যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। বাসস।