শিক্ষার মানোন্নয়নে অভিজ্ঞদের মতামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জিলা স্কুল-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, ‘বিদ্যালয় ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে। যেমন—বিদ্যালয়ে বিভিন্ন দিবস পালন, অতিথি আপ্যায়ন ও সাংস্কৃতিক আনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কোনো বাড়তি বরাদ্দ থাকে না। ফলে এসব অনুষ্ঠান করতে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করতে হয়। এতে দরিদ্র অভিভাবকদের ওপর বাড়তি চাপ পড়ে। বিদ্যালয়ে কোনো চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ না থাকায় বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও অন্যান্য কাজ শিক্ষক, শিক্ষার্থীদের মিলে করতে হয়। এজন্য বিদ্যালয়ের আলাদা বরাদ্দ থাকা দরকার। শিক্ষা প্রশাসনেরও বেশ কিছু দুর্নীতি-অনিয়ম রয়েছে। এর মধ্যে শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, অভিভাবকদের প্রশিক্ষণের জন্য সরকারি যে বরাদ্দ তা ঠিকমতো ব্যয় করা হয় না। প্রশিক্ষণশেষে নামমাত্র নাস্তা দিয়ে দায়সারাভাবে এসব প্রশিক্ষণ করানো হয়। এ ক্ষেত্রে বরাদ্দ করা অর্থের হিসাব-নিকাশে কোনো স্বচ্ছতা নেই। এ ছাড়া বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা দরকার।’বরগুনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রাজিয়া বেগম বলেন, ‘বরগুনার প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থা এখনো অতটা ভালো না। যে কারণে মনিটরিং ব্যবস্থা দুর্বল। এ ছাড়া এখন শহরে কিন্ডারগার্টেনের ভিড়ে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দরিদ্র-অতিদরিদ্র শ্রেণীর লোকজনের ছেলেমেয়েরাই বেশি ভর্তি হয়। আর এসব পরিবারের অভিভাবকেরা বেশির ভাগ শিক্ষিত না হওয়ায় তেমন সচেতন নয়। এজন্য অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগ বাড়াতে হবে। শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। শিক্ষকদের মধ্যে শহরের বিদ্যালয়গুলোতে থাকার প্রবণতা বেশি। শহরের অনেক বিদ্যালয়ে এমন অনেক শিক্ষক আছেন, যাঁরা যুগ যুগ ধরে একই বিদ্যালয়ে চাকরি করছেন। আবার এসব বিদ্যালয়ে শিক্ষকের পরিমাণ এত বেশি যে শিক্ষকের ভারে বিদ্যালয় ভারাক্রান্ত। অথচ গ্রামের বিদ্যালয়গুলো দুই-তিনজন শিক্ষক দিয়ে যেনতেনভাবে চলছে। এটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা বড় অন্তরায়। শিক্ষক সমিতির প্রভাব বিস্তার, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার থেকে প্রাথমিক শিক্ষাকে মুক্ত রাখতে হবে। সর্বোপরি শিক্ষা প্রশাসন ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।’ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন—এ তিন স্তরেরই সচেতনতা দরকার। বিশেষ করে শহরের বিদ্যালয়ে যাঁরা শিক্ষকতা করেন, তাঁদের সন্তানেরা নিজেদের বিদ্যালয়ে পড়াশোনা করে না। তাঁদের সন্তানদের ভর্তি করেন ইংরেজি অথবা উন্নত শিক্ষালয়ে। শিক্ষকদের শহরের মোহ ছাড়তে হবে, গ্রামের বিদ্যালয়ে একজন আদর্শ শিক্ষকের অঙ্গীকার নিয়ে কাজ করার মানসিকতা গড়ে তোলা দরকার। আর অন্তত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার প্রাধান্য দেওয়া দরকার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে আধুনিক সুযোগ-সুবিধা, সাংস্কৃতিক বিকাশের উদ্যোগ নিতে হবে, যাতে শিশুরা আনন্দের সঙ্গে শিক্ষা নিতে পারে।’