মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল হাতে পেয়ে খুশি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময়মতো পাঠ্যবই দিতে পারা, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া, দুই মাসের কম সময়ে ফল প্রকাশ, পরীক্ষার ফল প্রকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে মন্ত্রণালয়, অধিদপ্তর ও বোর্ডের কর্মকর্তারা গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রী ময়মনসিংহ জিলা স্কুল ও কোটালীপাড়ার হাজড়াবাড়ী টিক্কাপাড়া হাইস্কুলে ই-মেইলের মাধ্যমে ফল পাঠান।এ প্রসঙ্গে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান সাংবাদিকদের বলেন, ফল গ্রহণের পর প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড বিশেষ করে শিক্ষামন্ত্রীর নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যের প্রশংসা করেছেন। এ ছাড়া পাসের হার বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করার পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন।প্রধানমন্ত্রী কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং অকৃতকার্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ব্যাপারে বিশেষ যত্ন নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ দেন।প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, কারিগরি শিক্ষাবোর্ডের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ, কারিগরি বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাশেম প্রমুখ।