শিক্ষার্থী ও ব্যবসায়ীদের কাছে ইয়াবা বিক্রি হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার ও টেকনাফ থেকে ইয়াবা বড়ি এনে সহযোগীদের মাধ্যমে তা রাজধানীতে ছড়িয়ে দিতেন কলেজছাত্রী ম্যানিলা চৌধুরী। তদন্তকারীরা জানান, রিমান্ডে ম্যানিলা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) এ তথ্য দিয়ে জানিয়েছেন, এর ক্রেতা প্রশাসনের কিছু লোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুরান ঢাকার ব্যবসায়ী। গত বৃহস্পতিবার রাতে ডিবি রাজধানীতে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়িসহ তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ম্যানিলা চৌধুরীসহ তাঁর ছয় সহযোগীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন আবু তাহের (৪৮), কুলসুম বেগম (৩২), জানে আলম (৪৫), মো. খালেদ (৩০) ও মো. আসিফ (২৪)। গতকাল শুক্রবার ডিবি তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আজ শনিবার রিমান্ডের প্রথম দিন অতিবাহিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা ম্যানিলা আজ প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের কাজীর দেউড়িতে। আড়াই বছর আগে তাঁর বাবা (প্রয়াত যাদব রায় চৌধুরী) তাঁকে ইয়াবা ব্যবসায়ী আবু তাহের ও আবদুস শুক্কুর ওরফে শাকুর মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ম্যানিলা বলেন, শুক্কুর মিয়ানমার থেকে এবং তাহের টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালান এনে তাঁর কাছে পাইকারি বিক্রি করতেন। সেখান থেকে তিনি তাঁর সহযোগীদের দিয়ে রাজধানীর খিলক্ষেত, খিলগাঁওয়ের ফরিদা, সায়েদাবাদের কুলসুম ও মোহাম্মদপুরের রানার কাছে বিক্রি করতেন। তিনি চট্টগ্রামে ইয়াবার চালান গ্রহণ করে আবার ঢাকায় ফিরতেন। একেকটি চালানে ১২-১৫ হাজার ইয়াবা আসত। ম্যানিলা আরও জানান, প্রতিটি ইয়াবা ৮০ টাকা দরে কিনে তা বিক্রি করতেন ৯৮ থেকে ১০০ টাকা। আর খুচরা বিক্রেতারা প্রতিটি ইয়াবা বড়ি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসনের লোক ও পুরান ঢাকার ব্যবসায়ীদের কাছে ১২০ টাকা হারে বিক্রি করতেন বলে জানান ম্যানিলা।তিতুমীর কলেজের ওই শিক্ষার্থী বলেন, গত বছর শ্যামলীতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। গত জানুয়ারিতে কারাগার থেকে জামিনে বের হন। ওই দিনই তাঁর বাবা হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, মাদক ব্যবসায়ী শুক্কুর ২০০৭ সালে রাজধানীর শুক্রাবাদে সংঘটিত ব্র্যাক ব্যাংকে ডাকাতির মামলার আসামি। সেখান থেকে জামিনে বেরিয়ে তিনি ইয়াবা ব্যবসায় যুক্ত হন। মাদক ব্যবসার প্রশ্রয়দাতা শুক্কুর ও খুচরা ইয়াবা ব্যবসায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান মশিউর রহমান।