শিক্ষার্থী খুঁজছে স্কুলবাস!
রাজধানীর স্কুলশিক্ষার্থীদের জন্য চালু করা বাস সার্ভিসের সেবার মান উন্নত করতে বিভিন্ন তোড়জোড় চলছে। তবে প্রচারের অভাবসহ বিভিন্ন কারণে গণপরিবহনের সংকটের মধ্যেও সুন্দর বাসগুলোতে এখনো কিছু আসন খালি থাকছে।শিক্ষার্থীদের আরও ভালো করে সেবা দিতে বাসগুলোর জন্য ছয়জন নারী কর্মী নিয়োগ করা হয়েছে। শিগগিরই আরও নিয়োগ দেওয়া হবে। আগামী কয়েক দিনের মধ্যে সব বাসে এলসিডি মনিটর চালু হবে।গত রোববার থেকে বিআরটিসির ১৪টি স্কুলবাস নেমেছে রাজধানীর পথে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করে যানজটের সমস্যা লাঘব এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।বিআরটিসির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাস চালু করার দায়িত্ব বিআরটিসির। কিন্তু বাসে চড়ার জন্য শিক্ষার্থীদের খুঁজে বের করার দায়িত্বও পালন করতে হচ্ছে। তাঁরা এই কাজ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার জন্য আহ্বান জানান। ঘটা করে আয়োজনের পরও শিক্ষার্থীরা সবাই বাসগুলোতে চড়ছে না। এ কারণে ৫২ সিটের বাসগুলো কিছুটা খালি যাচ্ছে। বিআরটিসির চেয়ারম্যান এম এম ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রামীণফোনের সহায়তায় নারীকর্মী নিয়োগ, বাসে এলসিডি মনিটর চালানোর কাজগুলো দ্রুত এগোচ্ছে। ইলেকট্রনিক পাঞ্চকার্ডের বিষয়টি কার্যকর করতে কিছুটা সময় লাগবে।বিআরটিসি যত দিন থাকবে, তত দিন এই বাস সার্ভিস চালু থাকবে—এই প্রত্যয় ঘোষণা করে চেয়ারম্যান জানান, অন্যান্য এলাকার জন্যও এ ধরনের সার্ভিস চালু করা হবে।বাসের বর্তমান সময়সূচি ও স্টপেজ শিক্ষার্থীদের কাজে লাগছে কি না, বিআরটিসি এখন সেসব বিষয় যাচাই করে দেখছে।প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই বাসে যাতায়াতের জন্য অভিভাবকদের সংশ্লিষ্ট স্কুলের শিক্ষাপ্রধান অথবা বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেছেন বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল আকতার কামাল।বাসগুলোকে শিশু-কিশোরদের কাছে আকর্ষণীয় করার জন্য মনিটরে টম অ্যান্ড জেরি কার্টুন দেখানো হবে। তবে বাসায়ও শিশুরা টিভিতে এই কার্টুন দেখে উল্লেখ করে অভিভাবকদের অনেকে অন্য কোনো শিশুতোষ অনুষ্ঠান দেখানোর পরামর্শ দিয়েছেন।শিক্ষার্থীর সঙ্গে একজন অভিভাবকও এই স্কুলবাসে যাতায়াত করতে পারবেন। ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ থেকে ১৮ টাকা পর্যন্ত।বর্তমানে বাসগুলো থামছে: পল্লবীর ঈদগাহ মাঠ, মিরপুর ১১তে বাংলা উচ্চবিদ্যালয়ের সামনে, মিরপুর ১০-এ ডায়াবেটিক হাসপাতালের সামনে, মিরপুর ২-এ ইউসেপ স্কুলের সামনে, দারুস সালাম রোডে পাইকপাড়া মডেল একাডেমীর সামনে, কল্যাণপুরে মিজান টাওয়ারের কাছে যাত্রীছাউনিতে, শ্যামলী বাসস্ট্যান্ড, কলেজগেট, আসাদগেট বাসস্ট্যান্ড, ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের সামনে, হোটেল নীদ মহলের কাছে, কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে, ঢাকা কলেজের বিপরীতে পেট্রলপাম্পের কাছে, গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনে, ব্যানবেইসের সামনে, সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে, আজিমপুর কমিউনিটি সেন্টার, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ, ধানমন্ডি ক্লাবের কাছে (৮ নম্বর রোডের মাথায়), সোবহানবাগ সরকারি কলোনির উল্টোদিকে খাজানার পাশে, সানরাইজ প্লাজা, আসাদগেট যাত্রী ছাউনি, রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে, শ্যামলী ফুটওভারব্রিজের কাছে, কল্যাণপুরে ইবনে সিনা ডায়াগনোস্টিক সেন্টার, টোলারবাগ আবাসিক এলাকা, পাইকপাড়া আনসার ক্যাম্প, মিরপুর ১-এ মুক্ত বাংলা মার্কেটের সামনে, মিরপুর ২-এ ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ের সামনে, মিরপুর ১০-এ ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারের সামনের যাত্রী ছাউনি ও পল্লবী বাসস্ট্যান্ডে (বিআরটিসির বাস ডিপো)।সকাল ছয়টা (শীতের সময় সাড়ে ছয়টা) থেকে নয়টা এবং বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত ১০ মিনিট পর পর ছাড়ছে বাসগুলো।