শিক্ষার্থী নিবাস থেকে বহিষ্কার ৮
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আটজন শিক্ষার্থীকে নিজ নিজ ছাত্রাবাস থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত বৃহস্পতিবার তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। আগামী ১ অক্টোবর থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।এই আটজন শিক্ষার্থী হলেন—সানজিদা বুশরা, নাজিফা সুলতানা, নুসরাত জাহান, মাসুমা খাতুন, শারমীন সুলতানা, অমল কুমার কুণ্ডু, উজ্জ্বল চন্দ্র তংচং ও নুরুন্নবী হোসেন। তাঁরা সবাই কলেজের প্রথম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।কলেজ সূত্র জানায়, গত ২৭ জুলাই গড়াই নদে মেডিকেল কলেজের ১০ শিক্ষার্থী বেড়াতে যান। তখন কুষ্টিয়া রেনউইক বাঁধ এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয় দুই শিক্ষার্থীর। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি মৃত শাহজালাল মজুমদার ও ফরিদুল হাসানের সঙ্গে ভ্রমণে যাওয়া বাকি আটজনের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল জীবনযাপনের প্রমাণ পেয়েছে বলে প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে ওই আটজনকে কলেজের ছাত্রাবাস থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, গত ২৭ জুলাই গড়াই নদে মেডিকেল কলেজের ১০ শিক্ষার্থী বেড়াতে যায়। তখন পানিতে ডুবে দুই ছাত্র শাহজালাল ও ফরিদুলের মৃত্যু হয়। এ ঘটনায় কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার মোহাম্মদ আলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত বুধবার কমিটি প্রতিবেদন জমা দেয়।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই ১০ শিক্ষার্থী ছাত্রবাসের অন্য শিক্ষার্থীদের তুলনায় বেশি বহির্মুখী ছিল। এরা প্রায়ই দল বেঁধে বাইরে যেত। মেয়েরা ছাত্রীবাসের সূর্যস্ত নিয়ম মানত না। ভবিষ্যতে এ ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপনের পুনরাবৃত্তি রোধে আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয় তদন্ত প্রতিবেদনে।