শিক্ষার্থী নির্যাতন নিষিদ্ধ হলেও চিত্র পাল্টায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী নির্যাতন রোধে উচ্চ আদালত ও সরকারের সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। শিক্ষার্থীকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটছে। সাম্প্রতিক সময়ে উচ্চ আদালতে একটি রিটের পরিপ্রেক্ষিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টির ওপর বিশেষ নজর দিচ্ছে। দুটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হয়েছে।আজ বিশ্ব শিশু দিবস। আজ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ। এই সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘শারীরিক শাস্তি বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি ও বলে’।আনোয়ারের মৃত্যু, অতঃপর: চতুর্থ শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেনকে (১০) টাকা চুরির অপবাদে সহপাঠীদের সামনে মারধর করেন তার শিক্ষক। অভিমান করে বাড়ি ফিরে ওই শিশুটি বিষপানে আত্মহত্যা করে। গত ১৪ জুলাই মর্মান্তিক এ ঘটনাটি ঘটে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী উত্তর রানীপুর গ্রামে। ছোট মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছামছুদ্দিনের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।আনোয়ারের মা আমেনা খাতুন বলেন, ‘স্কুল থেকে ফেরার পর চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি, আনোয়ার কাতরাচ্ছে। সে জানায়, “টাকা চুরির অপবাদ দিয়ে স্যার সবার সামনে আমাকে মেরেছেন। মা, আমি টাকা চুরি করিনি। কিন্তু মারপিট সহ্য করতে না পেরে টাকা নেওয়ার কথা স্বীকার করেছি। আর এ অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়েছি”।’এ ঘটনার কয়েক দিন পর জনস্বার্থে হাইকোর্টে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তির নামে নির্যাতন করা কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থী হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ‘নিষ্ঠুর ও লাঞ্ছনাকর’ দণ্ড বন্ধে অবিলম্বে পরিপত্র জারি করতেও বলা হয় শিক্ষা মন্ত্রণালয়কে।সাম্প্রতিক কিছু ঘটনা: গত ২৪ সেপ্টেম্বর ধানমন্ডি স্কলার স্কুল অ্যান্ড কলেজের ঘটনা। নবম শ্রেণীর এক ছাত্র অঙ্ক না পারার কারণে স্কুল কমিটির চেয়ারম্যান আবুল কাশেম তাকে স্যান্ডেল দিয়ে পেটান। ওই ছাত্রের বাবা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ছেলের ভাষ্যমতে, অঙ্ক না পারায় ওই শিক্ষক ক্লাসে অন্য ছাত্রদের সামনেই পায়ের স্যান্ডেল দিয়ে তাঁর ছেলেকে পেটান। এ ঘটনার পর স্কুলের কয়েকজন শিক্ষক তাঁর বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন।গত ৭ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শিক্ষকের বেদম প্রহারে ক্ষতবিক্ষত হয় নয় বছরের শিশু সাদিয়া আফরিন। কোনাপাড়া মান্নান সরকারি বিদ্যালয়ের ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রাজধানীর বিয়াম স্কুলের একজন শিক্ষিকা কয়েকজন ছাত্রীর মাথার চুল কেটে দিয়েছিলেন। এরপর অভিভাবকদের প্রতিবাদের মুখে ওই শিক্ষিকা ক্ষমা চেয়েছেন। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওই অভিভাবক জানান, সামাজিক কারণে এ বিষয়ে তিনি কিছুই বলতে চান না।আইডিয়াল স্কুল নিয়ে আদালতের বিস্ময়: শিক্ষার্থীদের শারীরিক শাস্তি তথা নির্যাতন বন্ধে সরকারি নির্দেশের পরও মতিঝিল আইডিয়াল স্কুলের মতো নামী বিদ্যালয়ে ছাত্র ‘নির্যাতনের’ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন উচ্চ আদালত। আইডিয়াল স্কুলে ১৬ শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার অভিযোগ তদন্ত করে শিক্ষাসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর আদালত ওই আদেশ দেন। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১৬ শিক্ষার্থীকে বিভিন্নভাবে শারীরিক শাস্তি দেওয়া হয়েছে মর্মে গত ২৭ ও ২৮ অক্টোবর একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়। এরপর ব্লাস্ট ও আসক হাইকোর্টে রিট করে। ১৪ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি নিষিদ্ধ ও এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করা হয়েছে। এ বিষয়ে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ নির্দেশিকা তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।প্রজ্ঞাপন আছে, কার্যকারিতা নেই: হাইকোর্ট গত জুলাইয়ে শিক্ষা মন্ত্রণালয়কে শারীরিক শাস্তি বন্ধে প্রজ্ঞাপন জারির আদেশ দেন। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০০৮ সালের এপ্রিলে এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি করেছিল। এতে পাঁচ থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থীদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন, কঠোরতা ও তিরস্কারসহ সব ধরনের অবাঞ্ছিত আচরণ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।হাইকোর্টের নির্দেশের পর শিক্ষা মন্ত্রণালয় গত ৯ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করে। শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, সংবাদমাধ্যমে প্রায়ই শিক্ষার্থীদের মারধরের খবর প্রকাশ হতে দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনা অনভিপ্রেত উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং জেলা-উপজেলায় শিক্ষা কর্মকর্তাদের এ ধরনের শাস্তি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।নির্যাতনের ১৮টি ঘটনা: সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের প্রতি অমানবিক শাস্তি দেওয়ার ১৮টি ঘটনা চিহ্নিত করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনাগুলো তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড চারটি শাস্তির ঘটনা তদন্ত করে সম্প্রতি উচ্চ আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। বোর্ড সূত্র জানায়, ঘটনাগুলোর সত্যতা মিলেছে। সংশ্লিষ্ট শিক্ষকেরা দুঃখ প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, তা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।এদিকে আদালতের নির্দেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তদন্ত করে কিছু উল্লেখযোগ্য ঘটনার সত্যতা পেয়েছে। এগুলো হচ্ছে: কুড়িগ্রামের উলিপুর উপজেলার জুম্মাহাট দারুল উলুম সিনিয়র মাদ্রাসার একটি ঘটনা। এক ছাত্রী নামাজ না পড়ায় তাকে পিটিয়ে হাসপাতালে পাঠান তাঁর শিক্ষক গোলাম মাওলা। মাগুরা সদরের আবেদ আলী খান দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে মারধর করে শিক্ষক ইদ্রিস আলী। ফরিদপুর সদরের ভাসানচর গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থীর পায়ে বেদম প্রহার করেন তার শিক্ষক। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পটিয়া হাইস্কুলের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন তার শিক্ষক আরেফিন আহমেদ। বরগুনার বামনা উপজেলার সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীন ইসলাম নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার পর তাকে হাসপাতালে পাঠানো হয়। খুলনা শহরের নজরুলনগর প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী পরীক্ষায় কম নম্বর পাওয়ায় শিক্ষক বেবী বিশ্বাস বেদম প্রহার করেন। ফেনী শহরের বিরিঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রং-পেনসিল না নেওয়ায় প্রধান শিক্ষক রত্না বেগম ২০ ছাত্রীকে মারধর করেন। বান্দরবানের ইসলামী শিক্ষাকেন্দ্রে সাত বছরের এক ছাত্রীকে শিক্ষক আবদুর রহিম মারধর করে হাসপাতালে পাঠান। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চোতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলাম পঞ্চম শ্রেণীর একজন ছাত্রীকে বেঞ্চের নিচে মাথা দিয়ে শাস্তি দেন। কুড়িগ্রাম পৌরসভা এলাকার পলাশবাড়ি মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী শাহনাজ সুলতানাকে প্রধান শিক্ষক মারধর করেন। শরণখোলার মাঠেরপাড় আকন্দপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রকে তার শিক্ষক মারধর করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এগুলোর বাইরেও অসংখ্য ঘটনা আছে, যেগুলো সংবাদমাধ্যমে প্রকাশিত না হওয়ায় এখনো অজানা।আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী অবন্তী নুরুল প্রথম আলোকে বলেন, মাদ্রাসা বোর্ডের প্রতিবেদন আদালতে জমা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন খুব শিগগির পাওয়া যাবে। তিনি বলেন, ‘প্রথমে আমরা ১৩টি শারীরিক শাস্তির কথা উল্লেখ করে রিট আবেদন করেছিলাম। গত দুই মাসে সংবাদপত্রের খবর অনুযায়ী আরও পাঁচ-ছয়টি ঘটনা যুক্ত করা হয়েছে এবং ঘটনা ঘটলে তা ওই রিটের সঙ্গে সম্পূরক তালিকা হিসেবে যুক্ত করা হবে।’‘কুড়াল মাইরা মাতা ফাটায়ে দাও’: ‘আমার মাতায় কুড়াল মাইরা ফাটায়ে দাও।’ শিক্ষকের বেতের বাড়িতে মাথায় আঘাত পাওয়া শিশু সিরাজুলের এই আর্তনাদ শুনে কত মানুষ যে কেঁদেছেন, তার হিসাব নেই। কিন্তু যে শিক্ষক পিটিয়েছিলেন, তিনি আজও তা স্বীকার করতে চান না। কৃষক বাবা মো. নজরুল ইসলাম শেখ প্রায় দুই বছর ধরে সন্তানটি সুস্থ করার চেষ্টায় সর্বস্ব খুইয়ে পথে বসার উপক্রম হয়েছেন।বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া মাদ্রাসার ছাত্র মো. সিরাজুল ইসলাম (১২)। ২০০৮ সালে সে পড়ত তৃতীয় শ্রেণীতে। মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল মালেক একদিন ক্লাসে এক ছাত্রকে বেত দিয়ে আঘাত করলে তা এসে লাগে সিরাজুলের মাথায়। এরপর চিকিৎসা করানো হলে সে সুস্থ হয়। ওই সময় মাদ্রাসার পক্ষ থেকে সাড়ে তিন হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পরের বছর ২০০৯ সালের জুলাই মাসে ওই শিক্ষক আবারও সিরাজুলকে বেত দিয়ে মাথায় আঘাত করেন। মাথার একই জায়গায় দ্বিতীয় দফায় আঘাত লাগার পর ওই শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষ আর কোনো দায়িত্ব নেয়নি। গতকাল রোববার বাবা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘ চিকিৎসার পর সিরাজুল কিছুটা সুস্থ হলেও মাঝেমধ্যে যন্ত্রণায় ছটফট করে।যোগাযোগ করা হলে শিক্ষক আবদুল মালেক ঘটনার বর্ণনা শুনে ফোন রেখে দেন। এরপর আর ফোন ধরেননি। মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আজিজ জানান, ‘ওই ঘটনাটি কীভাবে ঘটেছিল, তা আজও রহস্যজনক। তবে যত দিন সে ছাত্র ছিল, তাকে কিছুটা আর্থিক সাহায্য করা হয়েছিল।’ অধ্যক্ষ জানান, তাঁর মাদ্রাসায় এখন কোনো শিক্ষক লাঠি নিয়ে ক্লাসে যান না বা মারধর করেন না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, শারীরিক শাস্তি আগে থেকেই চলে আসছে। এখন কিছুটা কমলেও বন্ধ হয়নি। তবে এখন মানুষ সচেতন, গণমাধ্যম সতর্ক এবং এটা বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রমের অংশ। সব মিলিয়ে শারীরিক শাস্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। তিনি জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি পুস্তিকা দেওয়া হবে। তাতে শারীরিক শাস্তি, জঙ্গিবাদ ও ইভ টিজিং প্রসঙ্গ থাকবে।জানা যায়, শিক্ষকদের অনেকে এখনো প্রজ্ঞাপনটি সম্পর্কে জানেন না। এ সম্পর্কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ সম্প্রতি প্রথম আলোকে বলেন, শিশু অধিকার বিষয়ে অনেক সচেতনতা এসেছে। এখন স্কুলে শিশুদের পেটানোর ঘটনা কমে এসেছে এবং সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে এটা আরও কমে যাবে।এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়) প্রণব কুমার নিয়োগী প্রথম আলোকে গতকাল রাতে বলেন, ‘ঢাকার যাত্রাবাড়ী, বগুড়া, রাজশাহী ও লক্ষ্মীপুরে শিশু-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হয়েছিল। সবগুলো ব্যাপারে আমরা বিভাগীয় শাস্তির ব্যবস্থা নিয়েছি। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে বারবার নির্দেশনার পরও শিক্ষকেরা কেন শিশুদের শাস্তি দিয়েছেন, তা জানতে চেয়েছি। পুনরায় তাঁদের হুঁশিয়ার করে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।’