শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে শিক্ষককে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে চট্টগ্রামের এক শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঠানতলী খান সাহেব সিটি করপোরেশন গার্লস হাইস্কুলের শিক্ষক মনসুরুল ইসলামকে হাজির হয়ে নিজের অবস্থান জানাতে বলা হয়েছে।একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ রোববার বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শিক্ষক মনসুরুল ইসলামকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য সিইওকে নির্দেশ দেন আদালত।আজ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি ওই নির্দেশ দেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। একই সঙ্গে নিজের অবস্থান জানাতে শিক্ষক মনসুরুল ইসলামকে ৭ ফেব্রুয়ারি আদালতে তলব করেছেন।