শিক্ষার্থী নির্যাতনের ব্যাখ্যা দিতে দুই শিক্ষককে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে ব্যাখ্যা দিতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধুল্যা বিএম বিদ্যালয়ের দুই শিক্ষককে তলব করেছেন হাইকোর্ট। ২২ মার্চ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান ও ক্রীড়া শিক্ষক মো. সালাউদ্দিনকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এ ছাড়া ওই দিন শিক্ষার্থী জুলহাসের চিকিত্সা-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানকে বলা হয়েছে।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশের পাশাপাশি স্বতঃ প্রণোদিত হয়ে রুল জারি করেন।ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। গত ১৫ মার্চ ‘প্রথম আলো’য় ‘শিক্ষকের প্রহারে ছাত্র হাসপাতালে’ শিরোণামে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি আদালতের নজরে আনেন আইনজীবী ফাতেমা এস চৌধুরী। শুনানিতে তিনি বলেন, ২০১০ সালের ৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হয়। এরপর তিনি প্রতিবেদনটি পাঠ করে শোনান। আদালতে উপস্থিত রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাও মতামত দেন। পরে আদালত রুল জারিসহ দুই শিক্ষককে আদালতে হাজির হতে বলেন।মুরাদ রেজা বলেন, ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। পুলিশ সুপার ও জেলা শিক্ষা কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।