শিক্ষার্থী বাগাতে রূপের ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ে বিপণিবিতানের বাইরে ও বাসের গায়ে সুন্দর সাজগোজ করা সুশ্রী চেহারার সব তরুণ-তরুণীর পোস্টার সাঁটা থাকে। দেখে মনে হতে পারে, এঁরা হয়তো এখানকার চলচ্চিত্র জগতের তারকা অভিনেতা-অভিনেত্রী কিংবা সুপার মডেল!আসলে তা নয়। তাঁরা সবাই শিক্ষক। বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়তে শিক্ষার্থীদের প্রলুব্ধ করতেই তাঁদের বিজ্ঞাপনের এই চমক।মুক্তবাজার অর্থনীতির এই যুগে হংকংয়ে সবকিছু পণ্য হিসেবে দেখা হয়। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে আয়ের বিষয়টিও তাই। শিক্ষকেরা শিক্ষার্থীদের কাছে নিজেদের নজরকাড়ার মতো তুলে ধরার চেষ্টা করে থাকেন। এ জন্য তাঁদের এই বিজ্ঞাপনে যোগ হয়েছে ফ্যাশন ও গ্ল্যামারের ঠমক।বিজ্ঞাপনে শিক্ষকেরা বাহারি নকশার পোশাক পরছেন, কেশ বিন্যাসেও রয়েছে ভিন্নরকম ভঙ্গি। এভাবে তারকা ধাঁচে নিজেদের উপস্থাপন করতে তাঁরা তত্পর। এতে কাজও হচ্ছে। শিক্ষার্থী বাগিয়ে কাঁড়ি কাঁড়ি অর্থের মালিক বনে গেছেন অনেকে। তাঁদের অনেকে এখন হংকংয়ে তারকা শিক্ষকের ভাবমূর্তিতে আবির্ভূত। নিয়মিত অংশ নিচ্ছেন টেলিভিশনের নানা অনুষ্ঠানে।হংকংয়ের অন্যতম বড় কোচিং প্রতিষ্ঠান কিংস গ্লোরির ‘টিউটর কুইন’ ২৬ বছর বয়সী কেলি মোক বলছিলেন, ‘আপনি যদি শীর্ষ কাতারের প্রাইভেট শিক্ষক হতে চান, আপনার তারুণ্য ও আকর্ষণীয় চেহারা অবশ্যই আপনাকে সহায়তা করবে। আপনার উপস্থিতি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হবে। কেলির নিজস্ব পোশাক নকশাকার আছেন। তিনি শুধু কেলির জন্য ক্লাসে পরে যাওয়ার পোশাকই নকশা করেন না, অন্য সময় কী পরবেন—এরও তদারকি করেন। কেলি জানান, তিনি তাঁর পড়ানোর বিষয় ইংরেজিতে দক্ষ না হলে এতটা সাফল্য পেতেন না।হংকংয়ে প্রথম তারকাখ্যাতি পাওয়া কোচিং প্রতিষ্ঠান বিকন কলেজের রিচার্ড ইং জানান এ ধরনের উদ্যোগ নেওয়ার প্রথম দিককার কথা। বিজ্ঞাপনে নিজের শিল্পী বোনের ছবির ব্যবহার দেখে তাঁর মাথায় প্রথম এ ধরনের চিন্তা আসে। রিচার্ড বলেন, ‘বিদ্যালয়ের সব শিক্ষককে দেখতে একই রকম লাগে। কোনো বৈচিত্র্য নেই।’ এই একঘেয়েমি থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে তিনি নিজের ভঙ্গিতে পরিবর্তন আনেন। পুরস্কারসহ নানা অভিনব কায়দায় পড়াতে শুরু করেন। এটাই অল্পবয়সী শিক্ষার্থীদের আকৃষ্ট করে। দলে দলে শিক্ষার্থীরা তাঁর কাছে পড়তে আসে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, শুধু হংকং নয়, এশিয়ার বিভিন্ন দেশ যেমন—ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ায়ও কোচিং বাণিজ্য ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা পদ্ধতি এবং ছেলেমেয়ের ভালো ফলাফলের জন্য বাবা-মায়ের উচ্চাকাঙ্ক্ষাই এ ধরনের কোচিং বাণিজ্য বিস্তারে সহায়তা করছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়া অঞ্চলে কোচিং বাণিজ্যের এই ব্যাপক প্রসারে উদ্বেগ প্রকাশ করেছে। বিবিসি।