শিক্ষার্থী ২৯১ জন শিক্ষক ১ জন
‘মনে হয় ব্রেন স্ট্রোক করবে, স্কুল চালাতে গিয়ে খাওয়াদাওয়া বন্ধ, এমনকি আমার সংসারও ভেঙে যেতে বসেছে।’ এভাবেই ঈশ্বরদী পিয়ারাখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাঁর প্রতিক্রিয়ার কথা জানান। তিনি বলেন, এভাবে একটা শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না।পিয়ারাখালী প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ২৯১ জন। এদের জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন। তিনি ক্লাসও নেন আবার কাজ করেন স্কুলের অফিস, শিক্ষা অফিস ও ব্যাংকের। দীর্ঘদিন থেকে এভাবে একজন শিক্ষককে দিয়ে বিদ্যালয়টিতে পাঠদান চলছে। এতে করে হাঁপিয়ে উঠছেন স্কুলের একমাত্র শিক্ষক। খোঁঁজ নিয়ে জানা গেছে, ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালীতে বিদ্যালয়টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে এটি পদ্মা কিন্ডার গার্টেন নামে যাত্রা শুরু করে। পরে এলাকাবাসীর উদ্যোগে ১৯৯০ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নিবন্ধন করা হয়। বর্তমানে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা লেখাপড়া করছে। তবে পরিত্যক্ত ৩৩ শতাংশ জায়গার ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে এলাকাবাসী জানায়। স্কুল অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে মোট শিক্ষকের পদ চারটি। এর মধ্যে সহকারী শিক্ষক এ কে এম সাইফুর রহমান অসুস্থ থাকায় গত বছর চাকরি ছেড়ে দিয়েছেন। শিক্ষিকা হাসিনা বানু মারা গেছেন ২০০৯ সালে। আর প্রধান শিক্ষিকা সখিনা বানু গত বছর ২৯ অক্টোবর চাকরি থেকে অবসরে যান। তাই শিক্ষকের তিনটি পদে লোক না থাকায় বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা আইনুন নাহারকে ধরতে হয়েছে স্কুলের হাল। তিনি এখন একাই প্রধান শিক্ষক, অফিসপ্রধান ও শ্রেণীশিক্ষক। স্কুলের শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন তাদের দুই-একটি করে ক্লাস নেওয়া হয়। আবার এক ক্লাসে নাম ডেকে পড়া শুরু করিয়ে দিয়ে শিক্ষিকা অন্য ক্লাসে গিয়ে নাম ডাকেন এবং ক্লাস নেন। এভাবে একাই চারটি শ্রেণীর ক্লাস নিতে হয় আইনুন নাহারকে। সরেজমিনে দেখা যায়, স্কুলের একমাত্র শিক্ষিকা আইনুন নাহার স্কুলের কাজে ব্যাংকে থাকায় শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রয়েছে। এ সময় শিশু শিক্ষার্থীরা স্কুলের মাঠে খেলাধুলা করছিল। তারা জানায়, শিক্ষক না থাকায় এভাবেই প্রতিদিন তাদের ক্লাস হয় না। আইনুন একাই তাদের ক্লাস নেন। এর কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে স্কুলের অফিসে প্রবেশ করেন আইনুন নাহার। অফিসের কাজ সেরে মুহূর্তেই প্রবেশ করেন দ্বিতীয় শ্রেণীর ক্লাসরুমে। প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা সে সময় মাঠে খেলা করছিল। এরপর তিনি যান প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীর ক্লাসে। সেখানে নাম ডেকে আবার যান দ্বিতীয় শ্রেণীর ক্লাসে। এরই এক ফাঁকে কথা হয় আইনুন নাহারের সঙ্গে। তিনি জানান, এভাবে চলছে স্কুলের পাঠদানের কাজ। তিনজন শিক্ষকের কাজ এখন তাঁকে একা করতে হচ্ছে। স্কুলে শিক্ষক দেওয়ার জন্য শিক্ষা অফিসে বেশ কয়েকবার বলা হয়েছে। কিন্তু শিক্ষকস্বল্পতার কারণে এখনো এই স্কুলের জন্য শিক্ষক দেওয়া হয়নি। যোগাযোগ করা হলে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) সাজ্জাদ জাহিদ প্রথম আলোকে জানান, তাঁর নিজস্ব ক্ষমতায় স্কুলের জন্য কিছু করার নেই। তবে ওই স্কুলের প্রয়োজনীয় শিক্ষকের জন্য জেলায় জানানো হয়েছে এবং ডেপুটেশনে (প্রেষণ) একজন শিক্ষক অন্য স্কুল থেকে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।