রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার রাতে মশিউর রহমান নামে এক ছাত্রের গায়ে পেরেক মেরে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এই আহত ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের মাস্টার্সের ছাত্র। তবে এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মশিউর রহমানের সহপাঠী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মশিউর মাস্টার্সের মৌখিক পরীক্ষা শেষ করে গতকাল সোমবার সন্ধ্যায় সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাসে ইফতার করেন। ইফতার ও বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে রাত আটটার দিকে তিনি আমীর আলী হলে ফিরছিলেন। এ সময় ছাত্রলীগ কর্মী ফিরোজের নেতৃত্বে ১০-১২ জন কর্মী পেছন থেকে এসে তাঁর ওপর হামলা চালায়। মশিউরকে পেটানোর পর ছাত্রলীগের কর্মীরা তাঁর পায়ে ও হাতে পেরেক মারে। এ সময় মশিউরের চিৎকারে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের কয়েকজন দোকানদার এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে আহত হন স্টেডিয়াম মার্কেটের শতরুপা স্টুডিওর মালিক জামিল আহমেদ। পরে ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে মশিউরকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। জানা যায়, ফিরোজ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির বহিষ্কৃত সভাপতি আওয়াল কবির পক্ষের কর্মী। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে এমবিএ শেষ বর্ষের ছাত্র। তিনি ক্যাম্পাসের পার্শ্ববর্তী একটি মেসে থাকেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য স্থগিতকৃত কমিটির বহিষ্কৃত সভাপতি আওয়াল কবির জানান, ছাত্রলীগ কর্মী ফিরোজের হামলায় একজন ছাত্র আহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকেও বলা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি মূলত নারী ঘটিত। ব্যক্তি দ্বন্দ্বকে রাজনৈতিকভাবে নিয়ে এ ঘটনাটি ঘটানো হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।