জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে সাংস্কৃতিক জোটের চার কর্মীর আমরণ অনশন কর্মসূচিতে আজ বুধবার দুই শিক্ষক যোগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন সাংস্কৃতিক কর্মী সাদিয়া জাফরিন, আতিয়া ফেরদৌসী, জুবায়ের হোসাইন ও রাসেল রানা। আজ বেলা পৌনে ১১টার দিকে যোগ দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা সুলতানা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোমা মমতাজ। সাংস্কৃতিক কর্মীদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী, অধ্যাপক আনু মুহাম্মদ, সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, মানবাধিকার কর্মী খুশি কবির, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ ও শম্পা রেজা, আইনজীবী সারা হোসেন।সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন অনশনরত সাংস্কৃতিক কর্মীদের দেখতে আসেন। তিনি কর্তব্যরত চিকিত্সকের কাছে অনশনরত কর্মীদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে চলে যান। গতকাল জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সম্পাদক শাকিলা শারমিনের নেতৃত্বে অনশন শুরু হয়। এতে শপথ বাক্য পাঠ করান জাহাঙ্গীরনগর থিয়েটারের সম্পাদক রাসেল রানা। অনশনরত শিক্ষার্থীরা শপথ বাক্যে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটে যাওয়া অন্যায় অপকর্ম, অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসের মদদদাতা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চলবে।’ শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, বর্তমান উপাচার্যের নানা কর্মকাণ্ডের কারণে গত তিন বছরে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে। উপাচার্যের বিরুদ্ধে কথা বলায় তাঁর পেটোয়া বাহিনীর হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। তিনি বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে কর্মসূচি চলতে থাকবে। উপাচার্যের সমর্থক শিক্ষক খবির উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, বর্তমান উপাচার্য তাঁর সময়কালে শিক্ষাসহ অবকাঠামোগত উন্নয়নে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। কিছু শিক্ষক উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপাচার্যের পদত্যাগের দাবিতে অযৌক্তিক আন্দোলন করছেন। তিনি বলেন, তাঁরা চাইলে আলোচনার মধ্য দিয়েও সমস্যার সমাধান করা সম্ভব হতো। কিন্তু আন্দোলনরত শিক্ষকেরা তা করেননি।