প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও একজন শিক্ষার্থীর জন্য আবাসনব্যবস্থা নিশ্চিত করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্ধার হয়নি বেদখলে থাকা ১০টি হল। এ বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২১ হাজার। গত বছর একটি ছাত্রী হল নির্মাণের জন্য সরকার ৪০ কোটি টাকা সরকারি বরাদ্দ দিয়েছিল, কিন্তু ওই হলটির জন্য এখনো জায়গা নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ছাত্রী হলের জন্য এখনো জায়গা নির্ধারিত হয়নি। তবে এটা নির্দিষ্ট করে আগামী জানুয়ারির মধ্যে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।উপাচার্য আরও বলেন, শুরুতে কেরানীগঞ্জে জমি কেনার চেষ্টা হয়েছিল। সেটি ব্যর্থ হওয়ায় সম্প্রতি উদ্ধার হওয়া হাবিবুর রহমান হলের স্থানে ছাত্রী হলটি নির্মাণ করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে।তবে উপাচার্যের এ বক্তব্য সমর্থন করেননি বিশ্ববিদ্যালয় হল উদ্ধার কমিটির আহ্বায়ক নূরুল মোমেন। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, আইনগত জটিলতার কারণে হাবিবুর রহমান হলের জায়গায় ছাত্রী হল নির্মাণ সম্ভব হবে না। এ ক্ষেত্রে বিকল্প জায়গা হতে পারে বিশ্ববিদ্যালয়ের অদূরে বাণী ভবনে হলের জায়গা।জানা যায়, বাণী ভবনে হলের জায়গা দেখিয়ে ছাত্রী হলসহ বেশ কিছু অবকাঠামো নির্মাণে সরকারের কাছে প্রকল্প জমা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছরের ডিসেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে এক হাজার শয্যাবিশিষ্ট একটি ছাত্রী হলের জন্য বরাদ্দ আছে ৪০ কোটি টাকা।সংশ্লিষ্টরা জানান, গত জুলাইয়ে প্রকল্পের টাকা ছাড় করেছে সরকার। কিন্তু হল নির্মাণের জন্য এখন পর্যন্ত জায়গাই নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ। এখন তড়িঘড়ি করে অন্য অবকাঠামো নির্মাণ শুরু করেছে প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, সবকিছু ঠিকভাবে চললে ২০১৪ সালে নতুন হল নির্মাণকাজ শুরু করা যেতে পারে। তবে বাস্তব অবস্থা বিবেচনায় মনে হচ্ছে, আগামী দুই বছরের আগে নতুন হলের নির্মাণকাজ শুরু করা সম্ভব নয়।বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কসের উপপরিচালক মো. সারফুদ্দিন বলেন, তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা আছে, অন্যথায় টাকা ফেরত দিতে হবে।গত অক্টোবরে বেদখলে থাকা হাবিবুর রহমান হল উদ্ধার হয়। এরপর হলটি বসবাসের উপযোগী করতে করণীয় নির্ধারণে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কিন্তু আড়াই মাস পার হলেও এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কমিটি।অপর দিকে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই বাণী ভবন হলটির একাংশ দখল করে রেখেছে স্থানীয় একটি মহল। বেদখল থাকা হল উদ্ধার সম্পর্কে জানতে চাইলে উপাচার্য প্রথম আলোকে বলেন, শহীদ নজরুল ইসলাম, সাইদুর রহমান ও আব্দুর রউফ মজুমদার, শহীদ আনোয়ার শফিক—এই তিনটি হলের জায়গা অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মন্ত্রণালয় এখন ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে অধিগ্রহণের অনুমতি দিলে হলের জায়গা দখলে আনা সম্ভব। বাকি সাতটি হল বিশ্ববিদ্যালয়ের দখলে আনার জন্য চেষ্টা চলছে বলেও জানানউপাচার্য।এদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসনসুবিধা না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকেই পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় মেস বা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। ব্যাচেলর ভাড়াটিয়া দেখলেই ওই এলাকার বাড়ির মালিকেরা মোটা অঙ্কের টাকা অগ্রিম হিসেবে দাবি করেন। শিক্ষার্থীরাও নিরুপায় হয়ে তা পরিশোধ করেন। অনেকে আবার ক্যাম্পাসের আশপাশে থাকার জায়গা না পেয়ে ঠাঁই নিচ্ছেন ঢাকার বাইরে।তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন ছাত্রীরা। স্থানীয় বাড়ির মালিকেরা ঝামেলা মনে করে ছাত্রীদের ভাড়া দিতে চান না। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আছিয়া খাতুন বলেন, ‘পুরান ঢাকায় বাসা কিংবা মেস ভাড়া পাওয়া ভাগ্যের ব্যাপার। পেলেও মোটা অঙ্কের টাকা অগ্রিম দিতে হয়।’রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের বেতন-ফির সঙ্গে মেস ভাড়া ও যাতায়াত খরচ যোগ হওয়ায় গড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো টাকা লাগছে। তাই অনেকেই বাধ্য হয়ে মানবেতর জীবন যাপন করছেন।শিক্ষার্থীদের মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরও আবাসনসুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ে ভেতর একটি একতলা ভবনে মাত্র ১২ শিক্ষক থাকতে পারেন। বাকি প্রায় ৩০০ শিক্ষককেই বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকতে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন ছাত্রের আবাসনসুবিধা দিতে পারে না, সেখানে শিক্ষকদের আবাসন নিয়ে চিন্তা করার সুযোগ নেই।বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো উদ্ধারে বিভিন্ন সময় শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। বারবার কর্তৃপক্ষ হলগুলো উদ্ধারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও গত কয়েক বছরে সেই অর্থে অগ্রগতি নেই। একাধিক শিক্ষার্থী এ প্রসঙ্গে জানান, হল উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চলমান ভূমিকা সন্তোষজনক নয়। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।