শিক্ষার্থীদের খরচ বাঁচাতে...
বিপুলসংখ্যক দরিদ্র শিক্ষার্থী স্বল্প ব্যয়ে শিক্ষার সুযোগ পেতে কোচিং সেন্টারমুখী হচ্ছে। বিত্তবান ও সামর্থ্যবান অভিভাবকেরা সন্তানদের জন্য মোটা অঙ্কের টাকা নিয়ে নিজ বাড়িতেই গৃহশিক্ষকের ব্যবস্থা করতে পারলেও নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তানেরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে কম টাকায় পড়াশোনা করতে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে। আবার এসব প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষা দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে।শিক্ষার্থীদের কোচিংমুখী হওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের নিয়মিত ক্লাস না নেওয়া ও দায়িত্বহীনতাকে দায়ী করছেন অভিভাবকেরা। তাঁরা অভিযোগ করছেন, বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকেরা ক্লাস ফাঁকি দেন নতুবা মনোযোগ সহকারে পাঠদান করেন না। অনেক শিক্ষক আবার ক্লাসে সুষ্ঠুভাবে পাঠ কার্যক্রম চালানোর চেয়ে নিজের বাড়িতে প্রাইভেট পড়ানোর ব্যাপারে শিক্ষার্থীদের উৎসাহ দেন। ফলে শিক্ষার্থীদের অনেকটা বাধ্য হয়েই নিজেদের দায়িত্বে কোচিং সেন্টার কিংবা গৃহশিক্ষকের কাছে পড়তে হচ্ছে।পুরানলেন এলাকার আবুল খায়ের নামের এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কলেজে ভালো পড়াশোনা হয় না। শিক্ষকেরা দায়িত্ব নিয়ে পড়াতে চান না। তাই বাধ্য হয়েই শিক্ষার্থীদের কোচিং সেন্টার কিংবা গৃহশিক্ষকের দারস্থ হতে হয়। ধনীরা বাড়িতে গৃহশিক্ষক রাখতে পারলেও আমাদের মতো গরিব সন্তানদের কম দামি কোচিং সেন্টারে ভর্তি করতে হয়।’তিনি আরও বলেন, কোচিং সেন্টারগুলোর মান নিম্নমুখী জেনেও অভিভাবকেরা খরচ বাঁচাতে সন্তানদের এসব প্রতিষ্ঠানে ভর্তি করছেন। তবে যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভালোভাবে ক্লাসদানের বিষয়টি নিশ্চিত করা যেত, তাহলে এর বাইরে শিক্ষার্থীদের আর পড়াশোনা না করলেও চলত। একটি একাডেমিক কোচিং সেন্টারে আট মাস ধরে পড়ছে দি এইডেড হাইস্কুলের শিক্ষার্থী মুহাম্মদ শহীদুল আলম। তার কথা, ‘কত কম টাকায় কোচিং সেন্টারে পড়ছি। সব বিষয়ের জন্য মাসে দিতে হয় মাত্র ৬০০ টাকা। তাই পড়াশোনাও হয় সে রকমের। এখানে জ্ঞান অর্জনের তেমন সুযোগ পাচ্ছি না।’