শিক্ষার্থীদের গণিতভীতি কমছে
‘মানুষের জিন বা জেনেটিক কোড অন্য কোনো ব্যক্তির জিন দিয়ে কি প্রতিস্থাপন করা সম্ভব?’ গ্রহ-নক্ষত্র অন্য কোনো আকার না হয়ে কেন গোলাকার হয়, ব্ল্যাক হোল কী, ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না কেন—এমন সব প্রশ্ন করে সবাইকে তাক লাগিয়ে দেয় খুলনা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে উৎসবটি হয় খুলনার সেন্ট যোসেফস্ হাইস্কুলের মাঠে। বক্তারা বলেন, উৎসবের মধ্য দিয়ে গণিতভীতি কমে আসছে।ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো একাদশ গণিত উৎসবের এবারের স্লোগান ‘গণিত শোখো, স্বপ্ন দেখো’। সেই লক্ষ্যে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৫০ জন শিক্ষার্থী গতকাল উৎসবে অংশ নেয়। জাতীয় সংগীতের মাধ্যমে সকাল সোয়া নয়টায় জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনা সেন্ট যোসেফস্ হাইস্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডল। আন্তর্জাতিক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবেন্দ্র শেখর শিকদার এবং খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ।এর পরপরই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন আলফ্রেড রণজিৎ মণ্ডল। তিনি বলেন, ‘গণিত উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের গণিতভীতি কমে আসছে। সব জ্ঞান-বিজ্ঞানের মূলে রয়েছে গণিত। গণিতকে জয় করা ছাড়া আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না।’উদ্বোধন শেষে শিক্ষার্থীদের এক ঘণ্টা ১৫ মিনিটের মূল্যায়ন পরীক্ষা হয়। পরীক্ষা শেষে গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসানের পরিচালনায় শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। এর ফাঁকে ফাঁকে বন্ধুসভার সদস্যরা ‘আমরা করব জয় একদিন’সহ গণিতের গান এবং একটি নাটিকা পরিবেশন করেন।দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মুখস্থ, মাদক ও মিথ্যাকে ‘না’ বলা এবং মা, দেশ ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর অঙ্গীকার করান অনুষ্ঠানের সঞ্চালক। কুয়েটের শিক্ষক অধ্যাপক শিবেন্দ্র শেখর বলেন, ‘মুখস্থকে বাদ দিয়ে অনুশীলনের মাধ্যমে আমরা অনেক সৃষ্টিশীল কাজ করতে পারব।’ অধ্যাপক রব্বানী বলেন, মানুষের জ্ঞানের চেয়ে কল্পনাশক্তি অনেক বেশি প্রয়োজন। শিশুদের ধমক না দিয়ে তাদের কল্পনাশক্তিকে ঝালাই করার সুযোগ দিতে তিনি অভিভাবকদের আহ্বান জানান।উৎসবের শেষে ভাগে ৫৯ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে তাদের একটি করে ক্রেস্ট, সনদ ও টি-শার্ট দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিকে আটজন, নিম্নমাধ্যমিকে ২২ জন, মাধ্যমিকে ১৪ জন ও উচ্চমাধ্যমিকে ১৫ জন জয়ী হয়েছে। প্রাথমিকে চ্যাম্পিয়ন হয় খুলনা জিলা স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. আতিয়া শাহরিয়ার। নিম্নমাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় খুলনা জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সৌমনীল সাধু, একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অনিক সাহা ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র হিসাম-উজ-জামান, ল্যাবরেটরি হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র তীর্থ সাহা, নৈহাটি গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী গোধূলী রায় ও সাতক্ষীরা সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সিরাজুল আরিফিন। মাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় খুলনা জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র দীপন পাল, একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৌরভ সাহা ও দশম শ্রেণীর ছাত্র সৌরভ দাশ, খুলনা পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র তারিক আবদুল্লাহ ও সেন্ট যোসেফস্ স্কুলের দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার আলম। উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন হয় খুলনা নৌবাহিনী স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র মাহমুদুল ইসলাম, সরকারি এমএম সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তাহামিদ হাসান, একই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এস কে তানিম মাহমুদ ও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী আয়শা সিদ্দিকা।যশোরে উৎসব আজ: যশোর জিলা স্কুল প্রাঙ্গণে গণিত উৎসব আজ শুক্রবার সকালে শুরু হবে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরের ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারের বেশি শিক্ষার্থী এতে যোগ দিচ্ছে।