শিক্ষার্থীদের চেনা নেই স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্র
কুষ্টিয়া সরকারি কলেজের সামনে একতলা ভবনে স্কুল হেলথ ক্লিনিক। এখানে পৌর এলাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এই স্বাস্থ্যসেবাকেন্দ্রের দুজন চিকিৎসকের একজন স্বাস্থ্যসেবাকেন্দ্রে বসেন এবং অন্যজন বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ সরবরাহ করবেন।স্বাস্থ্যসেবাকেন্দ্রের রেজিস্ট্রেশন বই থেকে জানা যায়, এই কেন্দ্রে প্রতিদিন গড়ে আট থেকে ১০ জন শিক্ষার্থী সেবা নেয়। কিন্তু বাস্তবে সেই চিত্রের কোনো মিল পাওয়া যায়নি। জানা গেছে, স্বাস্থ্যসেবাকেন্দ্রে দুজন চিকিৎসকের পদ থাকলেও একজন প্রেষণে জেনারেল হাসপাতালে কাজ করেন। অপরজন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে গিয়ে সেবা দিচ্ছেন। ২ মে সরেজমিনে দুজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে সেবা দিতে দেখা যায়।এ ব্যাপারে কুষ্টিয়া জিলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া হাইস্কুলসহ শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সঙ্গে কথা হয়। তাদের অধিকাংশই এ স্বাস্থ্যসেবাকেন্দ্র সম্পর্কে অবগত নয়। কোনো দিন চিকিৎসাও পাননি।কুষ্টিয়া জিলা স্কুলের ছাত্র রিফাত রহমান বলে, ‘শহরে ছাত্রদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার জন্য একটি স্বাস্থ্যসেবাকেন্দ্র আছে শুনেছি। কিন্তু সেটা কোনো এলাকায় তা জানি না।’এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক বাইরে থাকায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে কাজ যে হচ্ছে না, তা নয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসে চিকিৎসা নেয়। তবে সংখ্যায় একটু কম। আমরাও বিভিন্ন স্কুলে গিয়ে তাদের চিকিৎসা দিয়ে থাকি।’