শিক্ষার্থীদের দিয়ে মিছিল করানোর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় আজ বৃহস্পতিবার হরতাল চলাকালে নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর করে শ্রেণীকক্ষ থেকে বিএনপির মিছিলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে পৌর শহরে মিছিল করেন। বেলা পৌনে ১১টার দিকে মিছিলটি হাইস্কুলের ফটকে পৌঁছালে মিছিল থেকে বিএনপির ২৫-৩০ জন নেতা-কর্মী আচমকা বিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। এ সময় তাঁরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো থেকে শিক্ষার্থীদের জোর করে বের করে নিয়ে যান। পরে তাদের নিয়ে হরতালকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা বলেন, ‘কোনো কিছু বুঝে ওঠার আগেই হরতালের সমর্থনে মিছিলকারীরা বিদ্যালয়ে ঢুকে শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে নিয়ে যায়। দুঃখজনক হলো, হরতালকারীদের কেউ আমাদের কাছ থেকে একটু অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনি।’অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মলাই মিয়া বলেন, ‘আমরা কোনো শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বের করে আনিনি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই আমাদের মিছিলে যোগ দিয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দীন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ব্যাপারে প্রধান শিক্ষক আমাকে কিছুই জানাননি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’