চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের দুই পক্ষে সংঘর্ষ, ক্যাম্পাস বন্ধ ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের দুই পক্ষে মারধর, সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। ছাত্রদের শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে ও ছাত্রীদের আজ শনিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।তড়িৎ কৌশল বিভাগের শিক্ষিকার ক্লাস বর্জন নিয়ে শিক্ষার্থীদের দুই দলের মধ্যে দুই দিন ধরে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যায় হল ছেড়ে চট্টগ্রাম শহরে আসার পথে ছাত্রছাত্রীদের একটি বাসে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় চার-পাঁচজন ছাত্র আহত হন। এ সময় বাসে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের এক শিক্ষিকা ক্লাস নেওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী অসৌজন্যমূলক আচরণ করেন। ওই দিন ওই শিক্ষিকা ক্লাস থেকে বেরিয়ে যান। পরদিন বৃহস্পতিবার ওই শিক্ষিকার ক্লাস বর্জন নিয়ে শিক্ষার্থীরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তড়িৎ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অংকন একই বিভাগের উজ্জ্বল নামের এক শিক্ষার্থীকে মারধর করেন। এ ঘটনার পরই উজ্জ্বল কয়েকজন বন্ধুসহ অংকনকে খুঁজতে থাকেন। অংকনকে না পেয়ে তাঁর বন্ধু মুকিতকে মারধর করেন তাঁরা। এ সময় অন্তত ১০ জন আহত হন।এ খবর শুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্য শিক্ষকেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। এ ঘটনার রেশ ধরে গতকাল সকালে আবার দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে সাজ্জাদ, সবুজ, মুকিতসহ প্রায় পাঁচ-ছয়জন আহত হন। সাজ্জাদ যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ পরিস্থিতিতে গতকাল দুপুরে একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়।উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কাল তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।