শিক্ষার্থীদের দুর্ব্যবহারের বিচার দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিক্ষকের সঙ্গে তিন শিক্ষার্থীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকেরা ক্লাস বর্জন শুরু করেছেন। আজ বুধবার দুপুরে শিক্ষক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে সব বিভাগের ক্লাস বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য তাঁর কক্ষে শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হক মোল্লা ক্লাস বর্জনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে জানান, এর আগে ঘটনার বিচার চেয়ে শিক্ষক সমিতি উপাচার্যকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে লিখিত আবেদন করে। গত সোমবার ওই সময় শেষ হওয়ার পর গতকাল মঙ্গলবার বোর্ড অব ডিসিপ্লিনের সভা হয়। কিন্তু সেখানে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষকেরা ক্লাস বর্জন শুরু করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবাসন সংকটের কারণে শুধু তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা পান। চলতি শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার পরও হলে আসন বরাদ্দ না দেওয়ায় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন কক্ষে উঠে যান। ৬ ফেব্রুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা হলের সহকারী প্রাধ্যক্ষ ইমরান হোসেন খান আসন পাওয়ার আগেই একটি কক্ষে অবস্থান নেওয়া তিন শিক্ষার্থীকে হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। এ নিয়ে ওই শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। এরপর শিক্ষক সমিতির সভায় শিক্ষকেরা এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানান।এ ব্যাপারে জানতে ইমরান হোসেন খান কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী জানান, হলে আসন পাওয়ার আশায় তাঁরা বাইরের মেসের আসন ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আসন বরাদ্দ দিতে দেরি হওয়ায় তাঁরা বিভিন্ন হলে অবস্থান নেন। আসন পাওয়ার পর তাঁরা নিজ নিজ আসনে চলে যাবেন। বিগত সময়ে এভাবেই চলে আসছে। শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার দিন শিক্ষার্থীরা প্রথমে ওই শিক্ষকের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি তা না রাখায় বাগবিতণ্ডা হয়। পরদিন রাতে শিক্ষার্থীরা দ্রুত আসন বরাদ্দের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। ওই সময় সহযোগী ছাত্রকল্যাণ পরিচালক শিক্ষার্থীরকে দ্রুত আসন বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দেন। তার আগ পর্যন্ত যে যে হলে আছেন সেখানেই থাকার কথা বলেন তিনি। বিষয়টি ওই সময় মিটমাট হয়ে যায় বলে শিক্ষার্থীরা দাবি করেন।