ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামিয়ে দেওয়ার প্রতিবাদে এক ঘণ্টা ধরে মাগুরা-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিপেটায় চার-পাঁচজন ছাত্র আহত হন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এদিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও সকাল সাড়ে ১০টায় তাঁদের ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে সদর থানার ওসি (তদন্ত) আতিয়ার রহমানসহ ২০ জন আহত হয়।মাগুরার ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা থেকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিআরটিসির একটি বাস ভাঙচুর করে। বাসটি ফরিদপুর থেকে রংপুরে যাচ্ছিল। এতে বাসের বেশ কিছু যাত্রী আহত হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে চার-পাঁচজন ছাত্র আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তা নিয়ন্ত্রণে নয়টি গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শাওন নামের এক ছাত্রের বুকে কাঁদানে গ্যাসের শেলের আঘাত লাগে। এমনকি পুলিশ একপর্যায়ে ইনস্টিটিউটের ভেতরে ঢুকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করে।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল ইসলামসহ শিক্ষকদের সঙ্গে সহকারী পুলিশ সুপার (সার্কেল) শিল্পী মিত্রের নেতৃত্বে পুলিশ প্রশাসন রাস্তাতেই বৈঠক করেন। বৈঠকে কোনো শিক্ষার্থীকে আটক করা হবে না বলে পুলিশ আশ্বস্ত করেছে। পরে ইনস্টিটিউট আজকের জন্য ছুটি ঘোষণা করা হলে পরিস্থিতি শান্ত হয়।এ ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে পুলিশ একজনকে আটক করলেও আটক হওয়া ওই যুবক ইনস্টিটিউটে ভর্তি হতে এসেছেন বলে দাবি করেন।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি নয়টি গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল বুধবার চট্টগ্রামে নগরের ষোলশহর দুই নম্বর মোড়ে আধ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।