শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ছুটি
১৫ ছাত্রের শাস্তি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাল বুধবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কাল সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে উপাচার্যসহ একাডেমিক কাউন্সিলের সদস্যদের অবরোধ করে রাখেন। জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা আজ সকাল ১০টায় একাডেমিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করে। এ সময় সেখানে বক্তব্য দেন কৃষি অনুষদের ছাত্র দেবদাস মহন্ত, অজিত কুমার দাস, শামীম আহমেদ, অমিত কুমার প্রমুখ। তাঁরা ১৫ ছাত্রের শাস্তি প্রত্যাহারের দাবি জানান। দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম হারুন-উর-রশিদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা শাস্তি প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে দুপুর দুইটার দিকে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়। সভায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কাল বুধবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশ দেওয়ার পরপরই আজ বিকেল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা হল ছাড়বেন না। সন্ধ্যার দিকে একাডেমিক ভবনে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন, প্রক্টর এস এম হারুন-উর-রশিদ, কৃষি অনুষদের ডিন রফিকুল ইসলাম মাহমুদ ও বিজনেস অনুষদের ডিন ফাহিমা খানম, সিএসই অনুষদের ডিন মো. রুহুল আমিন ও আইআরটি অনুষদের পরিচালক বলরাম রায়সহ একাডেমিক কাউন্সিলের সদস্যদের অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে পুলিশের সহযোগিতা চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়।প্রক্টর হারুন-উর-রশিদ রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ এখনো ক্যাম্পাসের বাইরে আছে। তবে প্রয়োজন হলে পুলিশ ক্যাম্পাসে ঢুকে ব্যবস্থা নেবে।’দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান আজ রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে অবস্থান করছে। নির্দেশ পেলেই পুলিশ ভেতরে ঢুকে অবরুদ্ধ শিক্ষকদের মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ছাত্রদের শাস্তি প্রত্যাহারের দাবির বিষয়ে প্রক্টর বলেন, ‘ছাত্রদের অভিভাবকেরা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে পারেন। সেই আবেদন রিজেন্ট বোর্ডের সভায় আলোচনা হতে পারে। রিজেন্ট বোর্ড চাইলে ছাত্রদের সাজা কমাতে বা মাফ করতে পারে।’১৬ মে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ক্যাম্পাসের বাগানের গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও জরিমানা করে কর্তৃপক্ষ। এ ছাড়া ২৯ মে বিশ্ববিদ্যালয়ে আইটি উত্সব পণ্ড করার ষড়যন্ত্র, একাডেমিক ভবনে তালা দেওয়া ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের শেষ বর্ষের পাঁচজন ছাত্রকে মাস্টার্সে পড়ার সুযোগ থেকে বঞ্চিত ও বৃত্তি কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।