শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতেই হরতাল: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর বিরোধী দল পরীক্ষা চলাকালে হরতাল ডাকছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতেই একের পর এক হরতাল।আজ বুধবার সকালে সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এক সুধী সমাবেশে বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো রাজনীতি চাই না। তাই এ তত্পরতার (হরতাল) বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে।’ সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ওই শিক্ষাপ্রতিষ্ঠানে এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে পাঁচ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন পালের সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনির উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বদরুল ইসলাম, ঢাকা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শাহাব উদ্দিন আহমদ, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক আলতাউর রহমান বক্তব্য দেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, ভাষা-আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ একাধিক জাতীয় গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে জামায়াত-শিবির চক্র জাতিকে বিভ্রান্ত করার জন্য বারবার চেষ্টা চালিয়েছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এই যাত্রায়ও কোনো লাভ হবে না। তিনি বলেন, কোনো অপশক্তি বাধা দিয়ে যুদ্ধাপরাধের বিচারকাজ আটকাতে পারবে না।