বেসরকারি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ-ভাঙচুর পরিহার করে শ্রেণীকক্ষে ফেরার পরামর্শ
শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না, বিক্ষোভ নিষিদ্ধ
বেসরকারি বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাড়ে ৪ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল রাতে ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর এই ভ্যাট আরোপ করেছিলাম, কিন্তু তারা শিক্ষার্থীদের ওপর এটি চাপিয়ে দেয়।’ এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র-বেতনের ওপর ভ্যাট দিতে হবে না। এ বিষয়ে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। শিক্ষামন্ত্রী বিক্ষোভ-ভাঙচুর পরিহার করে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার পরামর্শ দেন।এদিকে এই ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ-অবরোধ-ভাঙচুর নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল বুধবার মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।গত মঙ্গলবার দিনভর বনানী ও মহাখালী এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাঁরা দেড় ঘণ্টারও বেশি সময় কাকলী সিগন্যালে বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন এবং বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। এরপর প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শতাধিক শেল নিক্ষেপ করে। এর আগে গত সোমবার শিক্ষার্থীরা বনানী ও মহাখালীতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখেন।প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে ৪ শতাংশ মূসক আরোপ করা হয়। এর ফলে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের খরচ বেড়ে যাচ্ছে এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা। এ কর প্রত্যাহারের দাবিতেই শিক্ষার্থীরা আন্দোলন করছেন।গত মঙ্গলবার সকালে মহাখালী ও গুলশান এলাকার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। মহাখালী এলাকায় দুপুর ১২টা থেকে আধা ঘণ্টা পর্যন্ত মানববন্ধন করেন ইস্টওয়েস্ট, ব্র্যাক, প্রাইম, এশিয়া, এআইইউবি ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল তিনটার দিকে বনানীতে এআইইউবি ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের একপর্যায়ে রাস্তায় নেমে পড়েন। এ সময় বিমানবন্দর (ঢাকা-ময়মনসিংহ) সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে চারটার পর পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে।