বিস্ফোরণের পর বিসিআইসি স্কুলে গতকাল রোববার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বিস্ফোরণের পর থেকে পুলিশ সেখানে পাহারা দিচ্ছে। তার পরও অনেক অভিভাবক ভয়ে তাঁদের সন্তানদের স্কুলে পাঠাননি বলে জানা গেছে। সূত্র জানায়, গত শনিবার স্কুলের শ্রেণীকক্ষে বিস্ফোরণে তিন ছাত্র আহত হওয়ার ঘটনা তদন্তে বিসিআইসি কলেজের অধ্যক্ষ হাসিনা খাতুনকে প্রধান করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনা নিয়ে শনিবার অধ্যক্ষ শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে বলা হয়, ‘শনিবার দুপুরে বিকট আওয়াজ শোনার পর কয়েকজন শিক্ষক দ্বিতীয় তলার ২০৫ নম্বর কক্ষে যান। সেখানে তিন ছাত্রকে গুরুতর আহত অবস্থায় দেখা যায়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।’গতকাল মিরপুরের চিড়িয়াখানা সড়কের পাশে অবস্থিত বিসিআইসি কলেজে (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন) শাখার স্কুলের ভেতরে ও বাইরে পুলিশের পাহারা দেখা যায়। শিক্ষার্থীরা জানায়, আতঙ্কে অনেক ছাত্রছাত্রী স্কুলে আসেনি। স্কুলের প্রধান ফটকের বাইরে অপেক্ষমাণ কয়েকজন নারী অভিভাবক জানান, শনিবারের বিস্ফোরণের পর তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে রাখতে সাহস পাচ্ছেন না। আরেক অভিভাবক রাইসা চমক বেদ বলেন, ‘অনেক দুশ্চিন্তা ও ভয় লাগছে।’ স্কুলটির প্রধান শিক্ষক আবদুল কাদির প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়েও এই স্কুলে পড়ে। আজ সেও স্কুলে আসেনি।’ প্রধান শিক্ষক বলেন, সুরক্ষিত এই স্কুলে বহিরাগত কারও ঢোকার সুযোগ নেই। স্কুলভবনের প্রধান ফটক ও শ্রেণীকক্ষে তালা লাগানো থাকে। স্কুলের কোনো শিক্ষার্থী ককটেলটি এনে নিজের কাছে রাখতে পারে বলে তিনি মনে করেন।ককটেলের আঘাতে আহত ছাত্র সাইফুর রহমান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ও রাফসাতজান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও রাকিবুল হাসান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে শনিবার রাতে রাফসাতজানকে পঙ্গু হাসপাতাল থেকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা বলেছেন, রাফসাতজান ও সাইফুরের অবস্থা গুরুতর। সাইফুরকে তত্ত্বাবধানকারী পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাম্মদ গণি মোল্যা প্রথম আলোকে জানান, সাইফুরের ডান হাতে অস্ত্রোপচার করে ধাতবজাতীয় গোলাকৃতির স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। তার বৃদ্ধাঙ্গুলটি হারাতে হতে পারে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক মেসবাহুল ইসলাম বলেন, রাফসাতজান ডান চোখে আঘাত পেয়েছে। ওই চোখের ভেতর রত্তক্ষরণ হচ্ছে। শনিবার রাতে হাসপাতালে তার চোখ থেকে হলুদ রঙের কিছু কেমিক্যাল ও গুঁড়া উপাদান বের করা হয়েছে। দু-এক দিন চিকিৎসা দেওয়ার পর তার ওই চোখের অবস্থা সম্পর্কে বলা যাবে। সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রাকিবুল চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে উঠবে বলে চিকিৎসকেরা জানান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষক রেহানা বেগম প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে তৃতীয় তলা থেকে নামার সময় তিনি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। এরপর সেখানে গিয়ে তিন ছাত্রকে আহত অবস্থায় দেখতে পান। চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসাধীন রাফসাতজান প্রথম আলোকে জানায়, চতুর্থ তলা থেকে নামার সময় সে সাইফুরের হাতে একটি জর্দার কৌটা দেখতে পায়। সাইফুরের কাছে জানতে চাইলে সে বলে, এটি পটকা। এটি ফুটানো হবে। তবে সাইফুর জানায়, চারতলা থেকে নামার সময় তার হাতে কোনো কৌটা ছিল না। সে জানায়, দ্বিতীয় তলার বেঞ্চের ডেস্কে বই রাখতে গিয়ে সেখানে সে কালো স্কচটেপ মোড়ানো একটি কৌটা পায়। হাতে নিয়ে নড়াচড়া করার সময় সেটি বিস্ফোরিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সকালে আহত তিন ছাত্রকে দেখতে হাসপাতালে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের সুচিকিৎসা দিতে তিনি চিকিৎসকদের নির্দেশ দেন। এর আগে সকালে মন্ত্রী মিরপুরের চিড়িয়াখানা সড়কের পাশের বিসিআইসি স্কুল পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, এখন থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হবে। স্কুলে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের ব্যবস্থাপনা কমিটির বিরোধে এ ঘটনা ঘটতে পারে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, যারাই এর সঙ্গে জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।