শিক্ষার্থীদের শারীরিক শাস্তি বন্ধে নীতিমালা প্রণয়নের উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক শাস্তি দেওয়া বন্ধ করতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এ লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কারণে শারীরিক শাস্তি দেওয়ার প্রবণতা বেড়েছে। গতকালের বৈঠকে হাইকোর্টের রিটে উল্লেখ করা ১৪টি শারীরিক শাস্তি প্রদানের ঘটনা তদন্তের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। এ সময় শিক্ষকদের এ ধরনের কাজ থেকে বিরত রাখতে করণীয়, অভিভাবক-ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কী হবে ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে আরেকটি আন্তমন্ত্রণালয় সভা করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বৈঠক থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক শাস্তি দেওয়া বন্ধে প্রচার বাড়াতে সংবাদমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ প্রসঙ্গে বলেন, ছাত্রছাত্রীদের যেকোনো ধরনের শাস্তি দেওয়া বন্ধে মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। তিনি শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে মনমানসিকতা পরিবর্তনের আহ্বান জানান। সভায় এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালককে (প্রশিক্ষণ) আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সভায় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানসহ শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ব্লাস্ট এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এদিকে প্রাথমিক শিক্ষার সর্বস্তরে পোশাক পরিধান, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রতিপালনে গতকাল রোববার কিছু নির্দেশনা জারি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এসব নির্দেশনা জারি করা হয়। দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গতকাল ফ্যাক্সযোগে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ধর্মের নামে কোনো ধরনের পোশাক পরতে বাধ্য করা যাবে না। ছাত্রছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধা দেওয়া যাবে না। এ ছাড়া ধর্মের নামে নির্দেশিত পোশাক না পরার কারণে কোনো শিক্ষার্থী, প্রশিক্ষণার্থীকে নির্যাতন, হয়রানি, অপমান করা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এসব নির্দেশ ভঙ্গকারীর অপরাধকে অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে আইনানুগ শাস্তি দেওয়া হবে।