শিক্ষার্থীদের হাতে নতুন বই (ভিডিও)
পাঠ্যপুস্তক দিবস পালনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সারা দেশে প্রায় পৌনে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে এ উত্সবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ও কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আগে বিনা মূল্যে সবাই নতুন বই পেত না। এখন বিনা মূল্যে নতুন বই পাওয়ার পর শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছে। ঝরে পড়া কমেছে। পরীক্ষার ফল ভালো হচ্ছে।’অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিনের রাজধানীর গুলশানের কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের হাতে বই তুলে দেওয়ার কথা।শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সারা দেশে এভাবে উত্সবের মধ্য দিয়ে বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। এবার প্রায় ২৬ কোটি ১৮ লাখ নতুন বই দেওয়া হচ্ছে।