শিক্ষার্থীরা ক্লাস বর্জনের কারণ দর্শানোর বিজ্ঞপ্তির জবাব না দেওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রোববার শিক্ষকেরা ক্লাস নেননি। তবে গতকালই সাধারণ শিক্ষার্থীরা কারণ দর্শানোর বিজ্ঞপ্তির জবাব দিয়ে এবং ক্লাস নেওয়ার অনুরোধ করে আবেদন করায় আজ সোমবার থেকে শিক্ষকেরা ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাসে গেলেও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা যাননি। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ক্লাস শুরু হবে শুনে তাঁরা গিয়েছিলেন। এর মধ্যে শিক্ষকেরা একাধিকবার ক্লাসে আসার জন্য তাঁদের আহ্বানও জানিয়ে আসছিলেন। কিন্তু শিক্ষার্থীরা ক্লাসে এলেও শেষ পর্যন্ত শিক্ষকেরা ক্লাস নেননি। খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার পরিপ্রেক্ষিতে গত ২৯ মার্চ চুয়েট শিক্ষক সমিতি একটি বৈঠক করে। বৈঠকে ছাত্রদের ক্লাস বর্জনের কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ক্লাস শুরু করার জন্য বিভিন্ন বিভাগের প্রধানদের কাছে শিক্ষার্থীদের আবেদন করতে হবে বলেও সিদ্ধান্ত হয়। ১ এপ্রিল প্রত্যেক বিভাগের নোটিশ বোর্ডে এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি হিসেবে সেঁটে দেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীরা কোনো রকম কারণ দর্শানো ছাড়াই গতকাল ক্লাসে হাজির হন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মোহাম্মাদ সাক্বী কাওসার গতকাল প্রথম আলোকে বলেন, ক্লাস শুরু করার জন্য গতকাল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কারণ দর্শানোর পাশাপাশি নিজ নিজ বিভাগে আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা আজ সোমবার থেকে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ক্লাস বর্জনের কারণ হিসেবে শিক্ষার্থীরা কোন বিষয় উল্লেখ করেছেন, সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেননি।এদিকে, শিক্ষক সমিতির কারণ দর্শানোর নোটিশের বিষয়ে ছাত্রলীগ চুয়েট শাখার সাধারণ সম্পাদক রশিদুল আবেদীন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষক সমিতির কারণ দর্শানোর নোটিশ সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত। নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতেই শিক্ষক সমিতি কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল।’ চুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে সকল বিভাগের ক্লাস শুরু হবে।’ প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হয়। এরপর উপাচার্য পদে কাউকে নিয়োগ না দেওয়ায় চুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের একটি অংশ নতুন উপাচার্য নিয়োগ করার দাবি তুলে বিশ্ববিদ্যালয় এক মাসের বেশি সময় অচল করে রাখে। সাবেক উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস গতকাল প্রথম আলোকে বলেন, চুয়েটের অভ্যন্তরীণ বিধি অনুযায়ী উপাচার্যের অনুপস্থিতিতে সহ-উপাচার্যের দায়িত্ব পালন করার কথা। কিন্তু ২০০৩ সাল থেকে এখানে সহ-উপাচার্য পদে কেউ নেই। অন্যদিকে সহ-উপাচার্যও না থাকলে কে উপাচার্যের দায়িত্ব পালন করবেন তারও সুস্পষ্ট নির্দেশনা নেই। ফলে চুয়েট কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে।