শিখ মন্দিরে হামলায় জড়িত যুক্তরাষ্ট্রের সাবেক সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের শিখ মন্দিরে গতকাল রোববারের হামলার জন্য সন্দেহভাজনদের তালিকার শীর্ষে আছেন ওয়েড মাইকেল পেজ নামের একজন সাবেক মার্কিন সেনা। উইস্কনশান অঙ্গরাজ্যে সংঘটিত ওই হামলায় ছয় ব্যক্তি মারা গেছেন। পুলিশ ৪০ বছর বয়সী আততায়ীর পরিচয় প্রকাশ না করলেও, পত্রপত্রিকাগুলোতে সূত্রের পরিচয় গোপন করে প্রচারিত সংবাদে বলা হয়, ওয়েড পেজ উগ্র বর্ণবাদী গোষ্ঠীর সাথে জড়িত। অঙ্গরাজ্যটির মেডিসন উপশহরের ওক ক্রিকের মন্দিরটিতে শিখরা যখন প্রার্থনার জন্য সমবেত হয়েছিল তখন সেখানে ওয়েড পেজ হামলা করেন। ঘটনাস্থলেই তিনি পুলিশের গুলিতে মারা যান।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পেজ ছয় বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ হিসেবে এবং হক মিসাইল সিস্টেমে মেরামতকারী হিসেবে কর্মরত ছিলেন। কর্তব্য পালনের সময় মদ পান করাসহ বিভিন্ন ‘অসদাচরণের’ কারণে ১৯৯৮ সালে তাঁর চাকরি চলে যায়। তবে দেশের বাইরে অন্য কোথাও তাঁকে পাঠানো হয়নি।আলাবামার মন্টগোমেরিতে অবস্থিত সাউদার্ন পোভার্টি ল’র গোয়েন্দা দপ্তরের পরিচালক হেইডি বেইরিচ বলেন, পেজ ২০১০ সালে উগ্র বর্ণবাদী ও মাথা-মুড়ানো যুবকদের সংগঠন অ্যান্ড অ্যাপ্যাথিতে যোগ দেন। তিনি বলেন, ২০০০ সালে পেজ নয়া-নািসবাদী সংগঠন ন্যাশনাল অ্যালায়েন্সের কাছ থেকে বেশ কিছু জিনিসপত্র কেনার চেষ্টা করেছিলেন। ‘ওয়েডের ব্যাপারে আমরা এটুকুই কেবল জানতে পেরেছি। এখনও আমরা ফাইলপত্র খুঁজে দেখছি।’পুলিশ গত সোমবার ওয়েড পেজের বাসায় তল্লাশি চালায়। ধারণা করা হচ্ছে ওয়েডের এই হামলা এক ধরনের ‘স্থানীয় সন্ত্রাসের’ ফল। গোয়েন্দা সংস্থা এফবিআই-এর নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সন্ত্রাসী কার্যকলাপের রাজনৈতিক উদ্দেশ্য থাকে। বিশ্বের দুই কোটি ৭০ লাখ শিখের প্রায় পাঁচ লাখই বাস করেন যুক্তরাষ্ট্রে। ২০০১ সালের ১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার পর শিখদের ওপরে হামলার ঘটনা লক্ষ্যনীয়ভাবে বেড়েছে। ওয়াশিংটনের শিখ কোয়ালিশনের তথ্য অনুযায়ী, ২০০১ সালের পর ইসলাম-বিরোধী মনোভাবের প্রভাবে শিখদের ওপরে সাতশোরও বেশি বার হামলা হয়েছে।শিখ কোয়ালিশনের নীতি নির্ধারক রাজদীপ সিং আল জাজিরাকে বলেন, ৯/১১’র পর থেকে যুক্তরাষ্ট্রের শিখরা ‘ঘৃণ্য অপরাধ ও বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।’ তিনি বলেন, ‘শুধু শিখরা নয়, আরব আমেরিকান, মুসলমান আমেরিকান এবং দক্ষিণ এশীয় আমেরিকানরাও’ এ ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। দুঃখের ব্যাপার, অনেক অন্ধ বিশ্বাসী মনে করেন যাঁরা পাগড়ি পরেন তাঁরা উগ্রবাদী। অথচ এ ধারণা একেবারেই সত্যি নয়।’হামলার প্রতিবাদে আজ ভারতের অমৃতসর এবং হায়দ্রাবাদে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।