শিখদের ঘাতক নিজেই আত্মঘাতী
আত্মহত্যা করেছিলেন ঘাতক মাইকেল ওয়াদে পেজ (৪০)। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এ মাসের শুরুর দিকে তিনি শিখ গুরুদুয়ারায় গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেন। গতকাল মঙ্গলবার তাঁর মৃত্যুর বিষয়ে প্রকাশিত চিকিত্সকদের আনুষ্ঠানিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সাপ্তাহিক প্রার্থনার প্রস্তুতিকালে ৫ আগস্ট উইসকনসিনের গুরুদুয়ারায় গুলি চালান পেজ। এতে ছয়জন শিখভক্ত নিহত এবং তিনজন আহত হন। ঘটনাস্থলেই গুলিতে নিহত হন পেজ।প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পেজকে গুলি করলে তাঁর মৃত্যু হয়। তবে পেজের ময়নাতদন্তে জানা গেছে, গুলি চালিয়ে শিখভক্তদের হতাহত করার পর তিনি নিজেই নিজেকে গুলি করেন।মাইকেল ওয়াদে পেজের মৃত্যু-সংক্রান্ত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন আকারে প্রকাশ করে মিলওয়াকি কাউন্টি কর্তৃপক্ষ। এতে পেজের সহিংস আচরণের কারণগুলো সম্পর্কেও বলা হয়।পেজের বোন কিম্বার্লি ভ্যান বুসকিরক তদন্তকারীদের বলেছেন, তাঁর ভাই মাদকাসক্ত ছিলেন। শিখ মন্দিরে গুলি চালানোর বেশ কয়েক মাস আগে থেকে এ সমস্যা আরও তীব্র হয়। গত কয়েক বছরে পেজের আচরণ অনেক বদলে গিয়েছিল বলে তাঁর বোন দাবি করেন। তিনি তদন্তকারীদের বলেন, পেজ দিন দিন উগ্র হয়ে যাচ্ছিলেন এবং তিনি রসবোধ হারিয়ে ফেলেছিলেন। যা বলা হতো সবই গুরুত্বের সঙ্গে আক্ষরিকভাবে গ্রহণ করতেন।তবে ওই ঘটনার সময় পেজের অবস্থা আসলে কেমন ছিল, এ-সংক্রান্ত ময়নাতদন্তের তথ্য প্রকাশ করা হয়নি।রয়টার্সের খবরে বলা হয়েছে, পেজ মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য। তিনি বর্ণবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। এমনি দুটি উগ্রপন্থী বর্ণবাদী গোষ্ঠী ‘এনড অ্যাপাথি’ ও ‘ডেফিনেট হেট’-এর সদস্য ছিলেন তিনি। পেজ কেন শিখ মন্দিরে হামলা করেছিলেন, তদন্তকারীরা এ ব্যাপারে কোনো তথ্য দেননি। তবে কয়েকজন বিশেষজ্ঞের মতে, পেজ হয়তো ভেবেছিলেন, শিখরা মুসলমান।