শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক সহজবোধ্য, আনন্দদায়ক ও জীবনমুখী করার জন্য শিখন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে ই-বুক উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ই-বুক চালুর ফলে শ্রেণীকক্ষে শিখন প্রক্রিয়াকে আরও সহজ এবং আনন্দদায়ক করা সম্ভব হবে। তা ছাড়া এতে শেখার কাজটি শ্রেণীকক্ষেই অনেকাংশে সম্পন্ন হবে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারাই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ই-বুক তৈরির কাজটি করেছে। ই-বুকের ফলে ইন্টারনেটের মাধ্যমে সহজে পাঠ্যবই পাওয়া যাবে। এখন থেকে বিনা মূল্যে ওয়েবসাইটে (www.ebook.gov.bd) পাঠ্যবই পাওয়া যাবে। কম্পিউটারের ই-বুক রিডার, মুঠোফোন, পিডিএ, সিডি ও আইপডের মতো ডিজিটাল ডিভাইসে ই-বুক পড়া যাবে। বিশেষ করে, বিদেশ থেকে প্রাথমিক, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য ই-বুক সহায়ক হবে। যাদের চোখের সমস্যা রয়েছে, তাদের জন্য ভবিষ্যতে পাঠ্যবইয়ের ‘টেক্সট টু স্পিচ’ সংস্করণ প্রবর্তন করা হবে।প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শ্রেণীকক্ষে শিখন প্রক্রিয়া আরও সহজ ও জীবনমুখী করা গেলে অভিভাবকদের আর গৃহশিক্ষকদের (প্রাইভেট টিউটরদের) কাছে ছুটতে হবে না। ছেলেমেয়েরাও খানিকটা অবসর পাবে এবং নিজেদের বিকাশ ঘটাতে পারবে।শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া এবং অডিও ভিজুয়াল যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে সারা দেশে স্কুল ও মাদ্রাসায় ২০ হাজার ৫০০টি মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।শেখ হাসিনা বলেন, তাঁর সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ই-বুক চালু করা হয়েছে। কোনো কারণে কোনো শিক্ষার্থী বই হারিয়ে ফেললে বা বিনষ্ট হলে আর ঝক্কি-ঝামেলা পোহাতে হবে না। এখন থেকে যে কেউ এই ই-বুক থেকে যেকোনো বিষয় ডাউনলোড করতে পারবে। এ ছাড়া প্রবাসীরা তাঁদের সন্তানদের বিদেশে বাংলা মাধ্যমে পড়ালেখা করাতে চাইলে, তাঁরাও অনলাইনে তাঁদের চাহিদা অনুযায়ী ই-বুক থেকে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময় যেসব পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে, সেগুলো সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেই। এই উদ্যোগের ফলে সব পাঠ্যপুস্তক নিয়ে একটি আর্কাইভ তৈরি করা সম্ভব হবে। এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, এ টু আই প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. নজরুল ইসলাম খান প্রমুখ।